শীতের ধোঁয়াশায় বাড়ছে স্বাস্থ্যঝুঁকি!

শীতের ধোঁয়াশায় বাড়ছে স্বাস্থ্যঝুঁকি!
প্রিন্ট

শীতের আগমনের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে বায়ুদূষণ ও ধোঁয়াশার প্রকোপ। দক্ষিণ এশিয়ার দিল্লি থেকে ঢাকা—বিভিন্ন শহরে দূষিত বাতাস জনস্বাস্থ্যের জন্য নতুন উদ্বেগ তৈরি করছে। বিশেষজ্ঞদের মতে, শীতকালে বায়ুমণ্ডলের বিশেষ পরিস্থিতির কারণে দূষণ সহজে ছড়িয়ে পড়তে পারে না। ফলে বাতাসে ক্ষতিকর উপাদানের ঘনত্ব বেড়ে যায়।
মূলত যানবাহন, শিল্পকারখানা, কয়লা ও জীবাশ্ম জ্বালানি পোড়ানো এবং কৃষিজমির অবশিষ্টাংশে আগুন দেওয়ার কারণে বাতাস দূষিত হয়। শীতকালে ভূপৃষ্ঠের ঠান্ডা বাতাসের ওপর উষ্ণ বাতাসের স্তর তৈরি হওয়ায় দূষিত কণাগুলো নিচের বায়ুস্তরে আটকে থাকে।

এসব দূষকের মধ্যে পিএম ২.৫ বিশেষভাবে বিপজ্জনক। অতি সূক্ষ্ম এই কণা ফুসফুসের গভীরে প্রবেশ করে রক্তপ্রবাহে মিশতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাবে, ঘরের ভেতর ও বাইরের বায়ুদূষণের কারণে প্রতিবছর বিশ্বে প্রায় ৭০ লাখ মানুষের অকালমৃত্যু ঘটে। এর সঙ্গে হৃদ্‌রোগ, স্ট্রোক, ফুসফুসের ক্যানসার, নিউমোনিয়া ও দীর্ঘস্থায়ী শ্বাসকষ্টের সম্পর্ক রয়েছে। শিশু, বয়স্ক, গর্ভবতী নারী এবং শ্বাসতন্ত্রের রোগীরা সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকেন।
দূষণ থেকে বাঁচতে বাইরে বের হওয়ার সময় এন৯৫ বা সমমানের মাস্ক ব্যবহার করা জরুরি। পাশাপাশি দূষণের মাত্রা বেশি থাকলে দরজা-জানালা বন্ধ রাখা, হেপা ফিল্টারযুক্ত এয়ার পিউরিফায়ার ব্যবহার এবং বাইরের ভারী ব্যায়াম এড়িয়ে চলা উচিত।
বাইরে যাওয়ার আগে বায়ুমান সূচক (একিউআই) পরীক্ষা করাও গুরুত্বপূর্ণ। বিশেষ করে শিশু ও বয়স্কদের অপ্রয়োজনে দূষিত পরিবেশে বের হওয়া থেকে বিরত রাখতে হবে।
ব্যক্তিগত সতর্কতার পাশাপাশি দূষণ নিয়ন্ত্রণে যানবাহনের নির্গমন কমানো, পরিচ্ছন্ন জ্বালানির ব্যবহার এবং শিল্পকারখানার দূষণ নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ নেওয়াও জরুরি।

পাঠকের মন্তব্য

মন্তব্য সরাসরি প্রকাশিত হবে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য

শেয়ার করুন-