মেঘনায় ফেরিতে বাল্কহেডের ধাক্কায় শিশুর প্রাণহানি

13 Nov 2026, 16:26 · রুশাইদ আহমেদ

মেঘনা নদীতে চলন্ত ফেরিতে বালুভর্তি বাল্কহেডের সজোরে ধাক্কায় প্রাণ হারিয়েছে ১১ বছরের শিশু তরিকুল ইসলাম। এ ঘটনায় আরও তিন শিশুসহ চারজন আহত হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ৯টার দিকে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার বেড়াচাক্কি এলাকায় শরীয়তপুর-চাঁদপুর নৌপথে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তরিকুল শরীয়তপুরের ডামুড্যা উপজেলার বাসিন্দা। পরিবারের সঙ্গে চাঁদপুর থেকে গ্রামের বাড়িতে ফিরছিল সে। দুর্ঘটনার পর বাল্কহেডটি জব্দ করেছে নৌ-পুলিশ। এ ঘটনায় বাল্কহেডের দুই শ্রমিক ও ফেরির চালককে আটক করা হয়েছে।
বিআইডব্লিউটিসি সূত্রে জানা যায়, সকালে চাঁদপুরের হরিণা ঘাট থেকে ‘কাকলি’ নামের ফেরিটি নরসিংহপুর ঘাটের উদ্দেশে যাত্রা করে। বেড়াচাক্কি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির বালুভর্তি বাল্কহেডটি ফেরিতে ধাক্কা দেয়। এতে ফেরিতে থাকা একটি বাস ক্ষতিগ্রস্ত হয়। বাস ও বাল্কহেডের মাঝখানে চাপা পড়ে চার শিশু। ঘটনাস্থলেই তরিকুলের মৃত্যু হয়।
ফেরিতে থাকা যাত্রী আলি আজগর জানান, দুর্ঘটনার পর আটকে পড়া শিশুদের উদ্ধারে যাত্রীরা এগিয়ে আসেন। পরে ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশের সহায়তা চান তিনি। পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা এসে উদ্ধারকাজ চালান। এ ধরনের বাল্কহেড চলাচল বন্ধের দাবি জানিয়ে তিনি দুর্ঘটনায় ফেরিচালকের কোনো গাফিলতি ছিল কি না, তা তদন্তের আহ্বান জানান।
নরসিংহপুর ফেরিঘাটের ব্যবস্থাপক ইকবাল হোসেনও বাল্কহেডের ধাক্কায় বাস ক্ষতিগ্রস্ত ও শিশুদের হতাহতের বিষয়টি নিশ্চিত করেন।
নৌ-পুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান জানান, দুর্ঘটনার পর বাল্কহেডটি নিয়ে পালানোর চেষ্টা করা হয়েছিল। পরে সেটি জব্দ করে দুই শ্রমিককে আটক করা হয়। ফেরিচালককেও আটক করা হয়েছে। অবহেলাজনিত মৃত্যুর অভিযোগে তাঁদের বিরুদ্ধে মামলা করা হবে।