মেসিকে ছাড়াই ২১ বছর পর মাঠে নামছে আর্জেন্টিনা

13 Nov 2026, 16:31 · Rushaid

আর্জেন্টিনার ফুটবল ইতিহাসে শুরু হতে যাচ্ছে এক নতুন অধ্যায়। দীর্ঘ ২১ বছর পর প্রথমবারের মতো লিওনেল মেসিকে ছাড়া আন্তর্জাতিক ম্যাচ খেলতে যাচ্ছে দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা। এবার চোট কিংবা নিষেধাজ্ঞা নয়, জাতীয় দল থেকে মেসির বিদায়ের পরই প্রথমবার তাঁর অনুপস্থিতিতে মাঠে নামবে দলটি। প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী উরুগুয়ে।
বাংলাদেশ সময় শনিবার (১৪ নভেম্বর) ভোর ৫টায় বুয়েনস এইরেসের বোমবোনেরা স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল।
মেসির অনুপস্থিতি নিয়ে সতীর্থদের মধ্যেও তৈরি হয়েছে আবেগঘন অনুভূতি। লিভারপুলের মিডফিল্ডার আলেক্সিস ম্যাক অ্যালিস্টার বলেন, মেসিকে ছাড়া খেলাটা তাঁদের কাছে এখনো অস্বাভাবিক মনে হচ্ছে। তবে নতুন বাস্তবতা মেনে নিয়ে সামনে এগিয়ে যাওয়ার সময় এসেছে বলেও মনে করেন তিনি।
মেসি-পরবর্তী সময়ে আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি কার কাঁধে উঠবে, সেটিও আলোচনায় রয়েছে। কোচ লিওনেল স্কালোনির নজরে রয়েছেন নিকো পাজ ও জিয়ানলুকা পেস্ত্রিয়ানি। একই সঙ্গে ২০২৮ কোপা আমেরিকা ও ২০৩০ বিশ্বকাপের জন্য নতুন দল গঠনের পরিকল্পনাও শুরু হচ্ছে।
অন্যদিকে বিশ্বকাপে হতাশাজনক বিদায়ের পর নতুন কোচ দিয়াগো ফোরলানের অধীনে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে উরুগুয়ে। জাপানের কাছে হার দিয়ে যাত্রা শুরু করলেও পরবর্তী সময়ে দক্ষিণ কোরিয়া ও ভারতের বিপক্ষে জয় পেয়েছে দলটি।
ফোরলান বলেন, প্রীতি ম্যাচ হলেও আর্জেন্টিনার বিপক্ষে লড়াইয়ে ঐতিহাসিক প্রতিদ্বন্দ্বিতা ও সম্মানের প্রশ্ন জড়িয়ে থাকে। তাই জমজমাট ম্যাচের প্রত্যাশা করছেন তিনি।
দুই দলের ১৯৪ বারের মুখোমুখিতে আর্জেন্টিনার জয় ৯১টি, উরুগুয়ের ৫৮টি। বাকি ৪৫ ম্যাচ হয়েছে ড্র।