জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় ক্লাইমেট ইনভেস্টমেন্ট ফান্ড (সিআইএফ) থেকে বাংলাদেশসহ ছয়টি দেশকে ৩ কোটি ডলার অনুদান দেওয়ার প্রতিশ্রুতি পাওয়া গেছে। শিগগিরই এ অর্থ ছাড় হতে পারে বলে আশা করছে বাংলাদেশ সরকার।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) তুরস্কের আনতালিয়ায় কপ-৩১ সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়নে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।
প্রতিমন্ত্রী জানান, বাংলাদেশের তরুণ জলবায়ুকর্মীদের সক্রিয় ভূমিকার কারণে এ অনুদানের প্রতিশ্রুতি পাওয়া সম্ভব হয়েছে। সরকার আশা করছে, দ্রুতই অর্থ ছাড়ের প্রক্রিয়া সম্পন্ন হবে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে শেখ ফরিদুল ইসলাম বলেন, অনুদানের অর্থ মূলত উপকূলীয় অঞ্চলের দুর্যোগঝুঁকি কমানো এবং জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত মানুষের জীবনমান উন্নয়নে ব্যয় করা হবে। পাশাপাশি প্রয়োজন অনুযায়ী সবুজায়নের কাজেও এ অর্থ ব্যবহারের সুযোগ থাকবে। তবে অর্থ ব্যয়ের ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর স্বার্থই অগ্রাধিকার পাবে।
সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ এবং প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ুবিষয়ক বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ।

জলবায়ু তহবিল থেকে ৩ কোটি ডলার পাচ্ছে বাংলাদেশসহ ছয় দেশ
13 Nov 2026, 16:40 · রুশাইদ আহমেদ
