বলিউড অভিনেত্রী অনন্যা পাণ্ডের ব্যক্তিগত জীবন নিয়ে যখন অক্ষয় কুমারের ছেলে আরভ ভাটিয়ার সঙ্গে প্রেমের গুঞ্জন চলছে, তখনই বিয়ে ও মাতৃত্বের ইচ্ছার কথা প্রকাশ্যে জানালেন তিনি। ভবিষ্যতে সংসার গড়ার পাশাপাশি মা হওয়ারও প্রবল আগ্রহ রয়েছে বলে জানিয়েছেন এই অভিনেত্রী।
সম্প্রতি একটি সংবাদমাধ্যমের আয়োজনে পরিচালক ইমতিয়াজ আলির সঙ্গে অংশ নেন অনন্যা। সেখানে সত্তর ও আশির দশকের অভিনেত্রীদের সঙ্গে বর্তমান প্রজন্মের তুলনা করতে গিয়ে নিজের ব্যক্তিগত ভাবনা তুলে ধরেন চাঙ্কি পাণ্ডের মেয়ে।
অনন্যার মতে, আগের সময়ের তুলনায় বর্তমান প্রজন্মের অভিনেত্রীরা নিজেদের মতামত অনেক বেশি স্বাধীনভাবে প্রকাশ করতে পারেন। বিয়ে ও সংসার নিয়ে কথা বলতে গিয়ে তিনি জানান, তিনি অত্যন্ত রোমান্টিক স্বভাবের মানুষ। তাঁর কাছে ভালোবাসার গুরুত্ব অনেক বেশি। এখনই বিয়ের পরিকল্পনা না থাকলেও ভবিষ্যতে বিয়ে করতে চান। একই সঙ্গে মা হওয়ার ইচ্ছার কথাও অকপটে জানিয়েছেন তিনি।
অনুষ্ঠানে নিজের ক্যারিয়ার ও স্বজনপোষণ বিতর্ক নিয়েও কথা বলেন অনন্যা। বাবার পরিচয়ের কারণে চলচ্চিত্রে কাজের সুযোগ পাওয়ার বিষয়টি অস্বীকার করেননি তিনি। বরং চাঙ্কি পাণ্ডের মেয়ে হিসেবে গর্ববোধ করার কথা জানান। তবে শুধু পারিবারিক পরিচয়ের ওপর নির্ভর না করে নিজের পরিশ্রম ও অভিনয় দিয়ে বলিউডে আলাদা অবস্থান গড়ে তুলতে চান এই অভিনেত্রী।
ক্যারিয়ারের শুরুর দিকে কিছুটা জড়তা থাকলেও সাম্প্রতিক সময়ে অভিনয় নিয়ে ইতিবাচক আলোচনায় এসেছেন অনন্যা। বিশেষ করে তরুণ প্রজন্মের দর্শকদের মধ্যে তাঁর জনপ্রিয়তা বেড়েছে। ব্যক্তিগত জীবন, বিয়ে ও মাতৃত্বের পরিকল্পনা নিয়ে তাঁর স্পষ্ট বক্তব্যও এখন বিনোদন অঙ্গনে আলোচনার বিষয় হয়ে উঠেছে।

মন্তব্য
শেয়ার করুন-
























































এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।