আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের মুখ হয়ে লড়বে ‘বনলতা সেন’

আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের মুখ হয়ে লড়বে ‘বনলতা সেন’
প্রিন্ট

দেশের প্রেক্ষাগৃহে প্রত্যাশিত সাফল্য না পেলেও আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনে নতুন সম্ভাবনার দুয়ার খুলেছে সরকারি অনুদানে নির্মিত ‘বনলতা সেন’। ভারতের কেরালা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (আইএফএফকে) ৩১তম আসরের মূল প্রতিযোগিতা বিভাগে জায়গা করে নিয়েছে সিনেমাটি। এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার ১০টি দেশের ১৪টি চলচ্চিত্রের মধ্যে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হিসেবে লড়বে এটি।
কবি জীবনানন্দ দাশের জীবনদর্শন ও কাব্যজগৎ অবলম্বনে সিনেমাটি নির্মাণ করেছেন মাসুদ হাসান উজ্জ্বল। এতে বনলতা সেন চরিত্রে অভিনয় করেছেন মাসুমা রহমান নাবিলা। জীবনানন্দ দাশের ভূমিকায় রয়েছেন খায়রুল বাসার। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন সোহেল মণ্ডল, নাজিবা বাশার, প্রিয়ন্তী উর্বী, রূপন্তী আকিদ ও শরীফ সিরাজ।

উৎসবে নির্বাচিত হওয়ার প্রতিক্রিয়ায় পরিচালক মাসুদ হাসান উজ্জ্বল জানান, একসময় তাঁর মনে হয়েছিল, জীবনানন্দ দাশের মতো তাঁর নির্মিত ‘বনলতা সেন’ও হয়তো যথাযথ স্বীকৃতি পাবে না। তবে আন্তর্জাতিকভাবে প্রশংসিত চলচ্চিত্র এবং কিংবদন্তি নির্মাতা আদুর গোপালকৃষ্ণনের কাজের সঙ্গে একই প্রতিযোগিতায় স্থান পাওয়াকে তিনি সিনেমাটির শৈল্পিক আকাঙ্ক্ষার বড় স্বীকৃতি হিসেবে দেখছেন। তাঁর মতে, কেরালা উৎসবের মধ্য দিয়েই ছবিটির আন্তর্জাতিক যাত্রার নতুন অধ্যায় শুরু হলো।
আগামী ১১ থেকে ১৮ ডিসেম্বর ভারতের তিরুবনন্তপুরমে অনুষ্ঠিত হবে উৎসবটি। প্রতিযোগিতায় রয়েছে আদুর গোপালকৃষ্ণনের ‘পদযাত্রা’, ব্রাজিলের ‘গুগুস ওয়ার্ল্ড’, ফিলিপাইনের ‘সাইলেন্সড নাইটস’, মেক্সিকোর ‘আই অ্যাম মারিও’ এবং ইরানের ‘স্ল্যাম্বার’-এর মতো চলচ্চিত্র।

পাঠকের মন্তব্য

মন্তব্য সরাসরি প্রকাশিত হবে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য

শেয়ার করুন-