সাপ্লিমেন্টারি পরীক্ষার্থীদের ভর্তি নিয়ে অনড় ঢাবি-বুয়েট

সাপ্লিমেন্টারি পরীক্ষার্থীদের ভর্তি নিয়ে অনড় ঢাবি-বুয়েট
প্রিন্ট

উচ্চমাধ্যমিকের এক বা দুই বিষয়ে অকৃতকার্য হওয়ার পরও নতুন করে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন লাখো শিক্ষার্থী। সাপ্লিমেন্টারি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়ার প্রত্যাশা তাঁদের। কিন্তু ভর্তি পরীক্ষার পূর্বনির্ধারিত সময়সূচিতে অনড় ঢাকা বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। ফলে পরীক্ষায় পাস করেও এসব প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ হারানোর শঙ্কায় রয়েছেন শিক্ষার্থীরা।
গত ৩১ অক্টোবর প্রকাশিত এইচএসসি ও সমমানের ফলাফলে ৪ লাখ ২২ হাজার ৯০৫ শিক্ষার্থী এক বা দুই বিষয়ে অকৃতকার্য হন। তাঁদের মধ্যে সাপ্লিমেন্টারি পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছেন ১ লাখ ৫৮ হাজার ২৬৮ জন। আগামী ১ ডিসেম্বর পরীক্ষা শুরু হয়ে ১৫ ডিসেম্বর শেষ হওয়ার কথা। ফল প্রকাশের লক্ষ্য ৩১ ডিসেম্বর।

কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবেদন শেষ হবে ২৫ নভেম্বর। বুয়েটে আবেদন শুরু ২১ নভেম্বর, আর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও ১৫ ডিসেম্বরের মধ্যে আবেদন শেষ হওয়ার কথা। ফলে সাপ্লিমেন্টারি পরীক্ষার ফল হাতে পাওয়ার আগেই এসব প্রতিষ্ঠানে আবেদনের সময় পেরিয়ে যাবে। মেডিকেল ভর্তি পরীক্ষাও নির্ধারিত রয়েছে ১৮ ডিসেম্বর।
সমস্যা সমাধানে ৯ নভেম্বর বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) উপাচার্যদের নিয়ে সভা করে ভর্তি কার্যক্রম পিছিয়ে দেওয়ার আহ্বান জানায়। রাজশাহী, খুলনা, চট্টগ্রাম ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ কয়েকটি প্রতিষ্ঠান বিশেষ ব্যবস্থা নিয়েছে। কোথাও আবেদন পিছিয়েছে, কোথাও শর্তসাপেক্ষে আবেদনের সুযোগ রাখা হয়েছে। তবে ঢাবি ও বুয়েট আগের সিদ্ধান্তেই রয়েছে।
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ড. মনজুর আহমদ মনে করেন, একই দেশে ভর্তির ক্ষেত্রে ভিন্ন নীতি বৈষম্য তৈরি করছে। সাপ্লিমেন্টারি পরীক্ষায় উত্তীর্ণদের যোগ্যতা অনুযায়ী সব বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সুযোগ নিশ্চিত করতে সরকারের কঠোর পদক্ষেপ প্রয়োজন।
ইউজিসির সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজও এ পরিস্থিতিকে বৈষম্য হিসেবে দেখছেন। তাঁর মতে, ভর্তি ও শিক্ষাবর্ষের সময়সূচির পার্থক্য শিক্ষার্থীদের স্নাতক শেষ করা এবং চাকরির প্রতিযোগিতায় অংশ নেওয়ার ক্ষেত্রেও প্রভাব ফেলতে পারে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মজিবুর রহমানের মতে, ভর্তি পরীক্ষা না পিছিয়েও শর্তসাপেক্ষে আবেদন গ্রহণের মতো বিকল্প ব্যবস্থা নেওয়া সম্ভব। ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক মামুন আহমেদ জানিয়েছেন, কমিশন বিশ্ববিদ্যালয়গুলোকে বিশেষ বিবেচনার আহ্বান জানিয়েছে এবং আশা করছে অন্য প্রতিষ্ঠানগুলোও শিক্ষার্থীদের সুযোগ দেওয়ার বিষয়টি বিবেচনা করবে।

পাঠকের মন্তব্য

মন্তব্য সরাসরি প্রকাশিত হবে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য

শেয়ার করুন-