দীর্ঘ পাঁচ দশকের অভিনয়জীবনে আটবার অস্কারের মনোনয়ন পেয়েও অধরা থেকেছে সোনালি ট্রফি। অবশেষে ৭৯ বছর বয়সে চলচ্চিত্রে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে সম্মানসূচক অস্কার পেতে যাচ্ছেন হলিউড অভিনেত্রী গ্লেন ক্লোজ।
শুক্রবার (১৩ নভেম্বর) এবিসি নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। বার্তাসংস্থা এপিকে দেওয়া সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, পুরস্কারের খবর শুনে প্রথমে এটিকে সান্ত্বনা পুরস্কার মনে হয়েছিল। এমনকি অস্কার না জেতার দীর্ঘদিনের রেকর্ডে পরিবর্তন আনতে চান কি না, তা নিয়েও দ্বিধায় ছিলেন তিনি। তবে জীবনের এই পর্যায়ে এসে স্বীকৃতিটি তাঁর কাছে বিশেষ তাৎপর্য বহন করছে।
অভিনয়জীবনের একটি মজার স্মৃতিও সম্প্রতি সামনে এনেছেন গ্লেন। ‘ফ্যাটাল অ্যাট্রাকশন’ সিনেমার সহশিল্পী মাইকেল ডগলাসের সঙ্গে একবার অস্কারের মঞ্চে পুরস্কার দিতে উঠেছিলেন তিনি। তখন আট মাসের অন্তঃসত্ত্বা ছিলেন অভিনেত্রী। দর্শকদের হাসির কারণ প্রথমে বুঝতে না পারলেও পরে উপলব্ধি করেন, সিনেমায় তাঁর অন্তঃসত্ত্বা হওয়ার গল্পের সঙ্গে বাস্তবের মিল দেখেই দর্শকেরা হাসছিলেন।
মাইকেল ডগলাস সম্প্রতি মন্তব্য করেছেন, ওই বছর গ্লেনেরই অস্কার পাওয়া উচিত ছিল। তাঁর এমন প্রকাশ্য বক্তব্যে বিস্মিত হয়েছেন অভিনেত্রী।
আটবার মনোনয়ন পেয়েও পুরস্কার না জেতার আক্ষেপে অবশ্য ভেঙে পড়েননি গ্লেন। তাঁর কাছে বিজয়-পরাজয়ের চেয়ে বড় বিষয় চলচ্চিত্রের সৃজনশীল মানুষদের সঙ্গে কাজের সুযোগ পাওয়া। এখনও অভিনয়ে সক্রিয় এই অভিনেত্রী চলতি বছরও একাধিক চলচ্চিত্র ও সিরিজে কাজ করেছেন।

আটবার অস্কারে ব্যর্থ গ্লেন ক্লোজ, এবার মিলছে বিশেষ সম্মান
15 Nov 2026, 12:18 · নিউজ ডেস্ক
