পাহাড়ের গোপন আস্তানা পেরিয়ে সাগরপথে চলছে মানব পাচার!

15 Nov 2026, 12:24 · বিশেষ প্রতিবেদক

চাকরির প্রলোভন, বিদেশে উন্নত জীবনের স্বপ্ন কিংবা অপহরণ—নানা কৌশলে মানুষকে জিম্মি করে সাগরপথে পাচারের ঘটনা থামছে না কক্সবাজারের টেকনাফে। গহিন পাহাড়ের গোপন আস্তানা থেকে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত পাচারকারীদের নেটওয়ার্কের লক্ষ্য মালয়েশিয়া ও থাইল্যান্ড। এ চক্রের ফাঁদে পড়ছেন বাংলাদেশের বিভিন্ন জেলার মানুষ ও মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গারা।
গত ৫ নভেম্বর রঙ্গীখালীর পাহাড়ে যৌথ বাহিনীর অভিযানে নারী-শিশুসহ ৫৭ জনকে উদ্ধার করা হয়। এ সময় গোলাগুলিতে এক সেনাসদস্য নিহত হন এবং গ্রেপ্তার হন পাচার চক্রের পাঁচ সদস্য। উদ্ধার হওয়া কয়েকজনের অভিযোগ, মালয়েশিয়া যাওয়ার জন্য জনপ্রতি সাড়ে তিন লাখ এবং বাড়ি ফিরতে চার লাখ টাকা দাবি করা হয়েছিল। আটকে রেখে নির্যাতনের অভিযোগও রয়েছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তথ্য অনুযায়ী, ২০১৬ থেকে ২০২৫ সাল পর্যন্ত কক্সবাজার উপকূল দিয়ে মালয়েশিয়া যাওয়ার চেষ্টাকালে ৩ হাজার ৫৩৪ জনকে উদ্ধার করা হয়েছে। ২০১২ সাল থেকে ২০২৫ সালের আগস্ট পর্যন্ত জেলায় মানব পাচারের অভিযোগে মামলা হয়েছে ৪৬২টি।
কোস্ট গার্ডের মিডিয়া শাখার উপপরিচালক লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, পাচার ঠেকাতে শুধু সমুদ্রে নয়, উপকূলীয় এলাকা ও পাহাড়ের গোপন আস্তানাগুলোতেও নজরদারি চালানো হচ্ছে।
তবে সাগরযাত্রার ঝুঁকি আরও ভয়াবহ। অতিরিক্ত যাত্রী, খাবার-পানির সংকট, ইঞ্জিন বিকল ও ট্রলারডুবিতে প্রাণহানির ঘটনা ঘটছে। জাতিসংঘের মানবাধিকারবিষয়ক বিশেষজ্ঞদের তথ্যমতে, ২০২৫ সালে ছয় হাজার ৫০০-এর বেশি রোহিঙ্গা বিপজ্জনক সমুদ্রযাত্রায় অংশ নেন। তাঁদের মধ্যে আনুমানিক ৯০০ জন মারা যান বা নিখোঁজ হন।
বারবার অভিযান সত্ত্বেও পাচারকারীদের কৌশল বদলে তৎপরতা অব্যাহত থাকায় সীমান্ত ও উপকূলীয় নিরাপত্তা নিয়ে উদ্বেগ কাটছে না।