মায়ের ভালোবাসা, সন্তানের প্রতি নিঃস্বার্থ আত্মত্যাগ এবং মাতৃভূমির সঙ্গে মানুষের শেকড়ের সম্পর্ক—এই তিনটি বিষয়কে একসূত্রে গেঁথে বিশ্বমঞ্চে বাংলাদেশের সংস্কৃতি ও আবেগ তুলে ধরেছেন মিস ইউনিভার্স প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধি সামিরা খান মাহি।
রোববার (২২ নভেম্বর) বাংলাদেশ সময় ভোর ৫টায় অনুষ্ঠিত ৭৫তম মিস ইউনিভার্সের জাতীয় পোশাক প্রদর্শনীতে মাতৃত্বের ভাবনাকে কেন্দ্র করে তৈরি বিশেষ পোশাকে হাজির হন তিনি। পোশাকটির মূল প্রতিপাদ্য ‘মাতৃত্ব—ভালোবাসার এক সর্বজনীন বন্ধন’।
জন্মের মুহূর্ত থেকে শুরু করে সন্তানের জন্য মায়ের আজীবন যত্ন, ত্যাগ ও নিঃস্বার্থ ভালোবাসার চিত্র নকশায় ফুটিয়ে তোলা হয়েছে। একই সঙ্গে মাতৃত্বের সর্বজনীন অনুভূতির সঙ্গে বাংলাদেশের সাংস্কৃতিক পরিচয় ও মাতৃভূমির প্রতি আবেগের সমন্বয় ঘটানো হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে পোশাকটির ভাবনা প্রকাশ করে জানানো হয়, জাতীয় পরিচয়ের আগে প্রত্যেক মানুষের প্রথম পরিচয় সে একজন মায়ের সন্তান। মা যেমন পৃথিবীতে সন্তানের আগমনের পথ তৈরি করেন, তেমনি মাতৃভূমি তাকে দেয় শেকড় ও স্বতন্ত্র পরিচয়।
মাহি বলেন, মাতৃত্বের অনুভূতি কোনো দেশ, ভাষা কিংবা সংস্কৃতির সীমারেখায় আবদ্ধ নয়। জাতীয় পোশাকের মাধ্যমে মা ও সন্তানের চিরন্তন সম্পর্ক এবং মাতৃভূমির সঙ্গে মানুষের আত্মিক বন্ধন বিশ্বদরবারে তুলে ধরতে পেরে তিনি গর্বিত।




























































এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।