ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে উত্তাল বঙ্গোপসাগর ও টানা বৃষ্টির মধ্যেই সুন্দরবনের দুবলারচরের আলোরকোলে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী রাস উৎসব। প্রতিকূল আবহাওয়ায় পুণ্যার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে এবার তিন দিনব্যাপী এ আয়োজন সীমিত করা হয়েছে। বাণিজ্যিক মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিনোদনমূলক কর্মসূচির পরিবর্তে শুধু ধর্মীয় আচার-অনুষ্ঠান, পূজা-অর্চনা ও পুণ্যস্নানের মধ্য দিয়ে উদ্যাপিত হচ্ছে উৎসব।
রোববার (২২ নভেম্বর) সকালে মোংলা ও সুন্দরবনসংলগ্ন বিভিন্ন বন কার্যালয় থেকে অনুমতি নিয়ে ট্রলারে করে আলোরকোলের উদ্দেশে যাত্রা করেন পুণ্যার্থীরা। বৃষ্টি ও বৈরী আবহাওয়া পেরিয়ে সন্ধ্যার দিকে তাঁরা উৎসবস্থলে পৌঁছান। বর্তমানে সমুদ্রতীরবর্তী বিভিন্ন খালে অবস্থান করছে তাঁদের ট্রলার।
উৎসব উদ্যাপন কমিটির সভাপতি মো. কামাল উদ্দিন আহমেদ জানান, অস্থায়ী মন্দির নির্মাণ ও রাধাকৃষ্ণের প্রতিমা তৈরিসহ প্রস্তুতি সম্পন্ন হলেও ঝড়-বৃষ্টিতে উৎসবস্থলে পানি জমেছে। প্রবল বাতাসে প্যান্ডেল ও তাঁবু টিকিয়ে রাখাও কঠিন হয়ে পড়েছে। এ পরিস্থিতিতে পুণ্যার্থীদের মতামতের ভিত্তিতে সীমিত পরিসরে ধর্মীয় আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আয়োজকদের তথ্য অনুযায়ী, ১৯২৩ সালে সাধু হরিভজনের মাধ্যমে আলোরকোলে এ উৎসবের সূচনা হয়। সোমবার রাতে রাধাকৃষ্ণ মন্দিরে পূজা এবং মঙ্গলবার ভোরে বঙ্গোপসাগরের প্রথম জোয়ারে পুণ্যস্নানের মধ্য দিয়ে এবারের আয়োজন শেষ হবে।
এদিকে পুণ্যার্থীদের নিরাপত্তা ও সুন্দরবনের বন্য প্রাণী সংরক্ষণে বন বিভাগের পাশাপাশি কোস্টগার্ড ও নৌবাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। যাতায়াতের জন্য নির্ধারণ করা হয়েছে পাঁচটি নৌপথ। নিয়ম ভঙ্গ করে সংরক্ষিত বনে প্রবেশ, বন্য প্রাণী শিকার কিংবা পরিবেশবিধি লঙ্ঘন করলে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে বন বিভাগ।

