ওয়েব কনটেন্ট ও চলচ্চিত্রে ব্যস্ততার কারণে দীর্ঘদিন ছোট পর্দার নিয়মিত নাটকে দেখা যায়নি অভিনেত্রী তাসনিয়া ফারিণকে। এবার তিন বছরের বেশি সময় পর আবারও অভিনেতা ফারহান আহমেদ জোভানের সঙ্গে জুটি বেঁধেছেন তিনি। মুহাম্মদ মোস্তফা কামাল রাজের পরিচালনায় ‘প্রাণ সখিয়া’ শিরোনামের নতুন নাটকের মধ্য দিয়ে ছোট পর্দায় ফিরছেন এই অভিনেত্রী।
সম্প্রতি নাটকটির শুটিং শুরু হয়েছে। নির্মাতা রাজ সামাজিক যোগাযোগমাধ্যমে শুটিংয়ের কয়েকটি ছবি প্রকাশ করে বিষয়টি জানিয়েছেন। এতে দীর্ঘ বিরতির পর আবারও একসঙ্গে অভিনয় করছেন জোভান ও ফারিণ।
এর আগে একটি নাটকের প্রচারকে কেন্দ্র করে দুজনের মধ্যে দূরত্ব তৈরি হয়েছিল। ফলে তিন বছরেরও বেশি সময় তাঁদের একসঙ্গে পর্দায় দেখা যায়নি। নতুন নাটকটি সেই বিরতির অবসান ঘটাতে যাচ্ছে।
ছোট পর্দা থেকে দূরে থাকলেও অভিনয়ে বিরতি ছিল না ফারিণের। সর্বশেষ গত রোজার ঈদে শাকিব খানের বিপরীতে ‘প্রিন্স’ সিনেমায় অভিনয় করেন তিনি। এ ছাড়া চলতি মাসে ইমরাউল রাফাত পরিচালিত ‘ডাকাতিয়া বাঁশি’ ওয়েব সিরিজের মাধ্যমে আবারও অভিনয়ে সক্রিয় হয়েছেন। বছরের শেষ দিকে চরকিতে সিরিজটি মুক্তির পরিকল্পনা রয়েছে।
উল্লেখ্য, টেলিভিশন নাটকে জনপ্রিয়তা অর্জনের পর ওয়েব কনটেন্ট ও চলচ্চিত্রে নিজের অবস্থান তৈরি করেছেন তাসনিয়া ফারিণ। ‘প্রাণ সখিয়া’র মাধ্যমে তাঁর ছোট পর্দার দর্শকেরা আবারওm, তাঁকে নতুন রূপে দেখার সুযোগ পাবেন।

