হলিউডের অস্কারজয়ী অভিনেতা রাসেল ক্রোর সঙ্গে প্রথমবারের মতো পর্দা ভাগাভাগি করতে যাচ্ছেন বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া। ‘ব্লুফ্লাই’ নামের সায়েন্স ফিকশন ও অ্যাকশন-থ্রিলার সিনেমায় দেখা যাবে তাঁদের। অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টে ইতোমধ্যে শুরু হয়েছে সিনেমাটির শুটিং।
নিমরোদ আনতাল পরিচালিত এই চলচ্চিত্রে জাতিসংঘের একজন অনুবাদক মাইলা রিসের চরিত্রে অভিনয় করছেন প্রিয়াঙ্কা। অন্যদিকে সাবেক পাইলট বেনির ভূমিকায় থাকছেন রাসেল ক্রো। কঙ্গোর গভীর জঙ্গলে একটি রহস্যময় সামরিক উড়োজাহাজ উদ্ধারে যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনীর গোপন অভিযানের মধ্য দিয়ে এগোবে সিনেমার গল্প। অভিযানে অংশ নিয়ে একপর্যায়ে প্রাণ বাঁচানোর লড়াইয়ে জড়িয়ে পড়েন মাইলা ও বেনি। এতে আরও অভিনয় করছেন মাইকেল চিকলিস ও ড্যানিয়েল ম্যাকফারসন।
চরিত্রটির প্রস্তুতি নিতে সোয়াহিলি, জুলু ও লিঙ্গালা ভাষা শিখছেন প্রিয়াঙ্কা। ‘হলিউড রিপোর্টার’-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, জাতিসংঘের অনুবাদকদের সাহসিকতা ও দায়িত্ববোধ তাঁকে চরিত্রটি গ্রহণে অনুপ্রাণিত করেছে। তাঁর মতে, অনুবাদকের কাজ শুধু শব্দের রূপান্তর নয়, বক্তব্যের অন্তর্নিহিত অর্থ ও উদ্দেশ্য যথাযথভাবে তুলে ধরাও।
এদিকে এসএস রাজামৌলির ‘বারাণসী’ সিনেমার মাধ্যমে ভারতীয় চলচ্চিত্রে ফিরছেন প্রিয়াঙ্কা। পাশাপাশি তাঁর হাতে রয়েছে আরও কয়েকটি আন্তর্জাতিক চলচ্চিত্রের কাজ।

