শীতের আগমনী বার্তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়তে পারে চুল ও মাথার ত্বকের নানা সমস্যা। বিশেষ করে খুশকি, শুষ্কতা ও মাথার ত্বকে চুলকানি অনেকের জন্য অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়। আবহাওয়ার পরিবর্তনে মাথার ত্বকের স্বাভাবিক আর্দ্রতা কমে যাওয়ায় এ ধরনের সমস্যা দেখা দিতে পারে। তাই শীত পুরোপুরি জেঁকে বসার আগেই চুলের যত্নে বাড়তি সতর্কতা প্রয়োজন।
নিয়মিত মাথার ত্বক পরিষ্কারের পাশাপাশি কিছু ঘরোয়া উপাদান দিয়ে চুলের পরিচর্যা করা যেতে পারে। এ ক্ষেত্রে কাজে আসতে পারে তিন ধরনের প্যাক।
টক দই, অ্যালোভেরা ও নারকেল তেল: মাথার ত্বকের আর্দ্রতা ধরে রাখতে এই তিন উপাদান একসঙ্গে মিশিয়ে প্যাক তৈরি করতে পারেন। চুলের গোড়া থেকে ডগা পর্যন্ত লাগিয়ে ২০ থেকে ৩০ মিনিট অপেক্ষা করুন। এরপর মৃদু শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। তবে অ্যালার্জি বা জ্বালাপোড়া থাকলে এটি ব্যবহার এড়িয়ে চলুন।
ডিম, মধু ও অলিভ অয়েল: ডিম, মধু, টক দই, অলিভ অয়েল ও নারকেলের দুধ একসঙ্গে মিশিয়ে ঘন প্যাক তৈরি করা যায়। চুল ও মাথার ত্বকে লাগিয়ে ২০ মিনিট পর ধুয়ে ফেলুন। ডিমের মিশ্রণ পরিষ্কারে ঠান্ডা বা স্বাভাবিক তাপমাত্রার পানি ব্যবহার করুন।
রোজমেরি ও পেপারমিন্ট তেল: দুই চামচ নারকেল বা অলিভ অয়েলের সঙ্গে তিন ফোঁটা রোজমেরি এবং এক-দুই ফোঁটা পেপারমিন্ট এসেনশিয়াল অয়েল মিশিয়ে মাথার ত্বকে আলতোভাবে লাগাতে পারেন। কিছুক্ষণ পর শ্যাম্পু করে ফেলুন। এসব তেল সরাসরি মাথার ত্বকে ব্যবহার করা উচিত নয়। আগে অল্প জায়গায় পরীক্ষা করে নেওয়াও জরুরি।
তবে খুশকি বেশি হলে শুধু ঘরোয়া প্যাকের ওপর নির্ভর করা ঠিক নয়। মাথার ত্বক পরিষ্কার রাখুন এবং অতিরিক্ত গরম পানি এড়িয়ে চলুন। তীব্র চুলকানি, লালচে ভাব কিংবা ক্ষত দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নিন।

মন্তব্য
শেয়ার করুন-


























































এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।