আকাশছোঁয়া বাড়িভাড়া ও আবাসন সংকটের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে স্পেন। বাড়িভাড়া কমানো এবং আবাসনের সুযোগ বাড়ানোর দাবিতে দেশজুড়ে সাধারণ ধর্মঘটে অংশ নিয়েছেন প্রায় ৪০ লাখ মানুষ। বুধবার (১১ নভেম্বর) ‘চার্লস’ ও ‘ব্রুনা’ নামের দুটি শক্তিশালী ঝড় উপেক্ষা করে পালিত এ কর্মসূচিতে অংশ নেন দেশটির মোট শ্রমশক্তির প্রায় এক-পঞ্চমাংশ। গত ১৪ বছরের মধ্যে স্পেনে এটিই ছিল সবচেয়ে বড় সাধারণ ধর্মঘট।
আগাম সাধারণ নির্বাচনের তিন সপ্তাহেরও কম সময় আগে দেশটির বৃহত্তম দুই শ্রমিক সংগঠন ইউজিটি ও সিসিও এ কর্মসূচির ডাক দেয়। ভাড়াটিয়া সংগঠনগুলোও এতে সমর্থন জানায়।
দিনের বেলা বিক্ষোভ শান্তিপূর্ণ থাকলেও সন্ধ্যায় মাদ্রিদ ও বার্সেলোনায় পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে। পুলিশ জানায়, ধর্মঘট ঘিরে সারা দেশে অন্তত ১ হাজার ৪৪টি অপ্রীতিকর ঘটনা ঘটেছে এবং ৭৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শ্রমিক সংগঠনগুলোর দাবি, পুলিশের লাঠিচার্জ ও কাঁদানে গ্যাসে অন্তত ২০ জন আহত হয়েছেন।
স্পেনের কেন্দ্রীয় ব্যাংকের হিসাব অনুযায়ী, দেশটিতে বর্তমানে প্রায় ৭ লাখ ৫০ হাজার বাড়ির ঘাটতি রয়েছে। ২০২৮ সাল নাগাদ তা ১০ লাখ ছাড়াতে পারে। দেশটিতে গড় মাসিক বাড়িভাড়া ১ হাজার ১৭৬ ইউরো, যা একজন তরুণ কর্মজীবীর গড় বেতনের প্রায় ৯৮ দশমিক ৭ শতাংশ।
মাদ্রিদের বাসিন্দা ৩৬ বছর বয়সী জেসাস গঞ্জালেস বলেন, বাড়িভাড়া ও মূল্যবৃদ্ধির কারণে তাঁর বয়স ৩৬ হলেও এখনো আলাদা বাসায় থাকার সামর্থ্য হয়নি।
তবে ব্যবসায়ী সংগঠন সিইওইর ভাইস প্রেসিডেন্ট অ্যাঞ্জেলা দে মিগুয়েল মনে করেন, ধর্মঘট সংকটের সমাধান নয়। তাঁর মতে, নতুন বাড়ি নির্মাণ বাড়ানো এবং আবাসন খাতে কর কমানোই হতে পারে কার্যকর পদক্ষেপ।

আবাসন সংকটে স্পেনে ৪০ লাখ মানুষের নজিরবিহীন ধর্মঘট
12 Nov 2026, 16:19 · Rushaid
