একসঙ্গে শুটিংয়ে গিয়েছিলেন বগুড়ায়। কথা ছিল, কাজ শেষে ফিরবেন ঢাকায়। কিন্তু সেই ফেরা আর হলো না। মঙ্গলবার সকালে হঠাৎ অসুস্থ হয়ে মারা যান অভিনেতা সোহেল খান। দীর্ঘদিনের বন্ধু ও সহকর্মীর আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ অভিনেতা মুকিত জাকারিয়া। বন্ধুর সঙ্গে কাটানো শেষ সকালের স্মৃতি এখন তাঁকে বারবার আবেগাপ্লুত করছে।
মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেন মুকিত। সেখানে তাঁর সঙ্গে ছিলেন সোহেল খান ও বলিউড অভিনেতা মুকেশ ঋষি। শুটিং শেষে তিনজন একসঙ্গে নাশতা করছিলেন। ভিডিওটি শেয়ার করে মুকিত লিখেছেন, সোহেল খানের সঙ্গে আর কখনো দেখা হবে না।
শেষ নাশতার টেবিলের একটি কথোপকথনও স্মরণ করেছেন তিনি। মুকিত জানান, মুকেশ ঋষির পাশে বসেছিলেন তিনি। তখন সোহেল তাঁকে নিজের পাশে বসতে দিতে বলেন এবং মুকেশকে তাঁকে জড়িয়ে ধরতে অনুরোধ করেন। বন্ধুর সেই কথাগুলো এখনো কানে বাজছে বলে জানান মুকিত।
১৪ বছরের বেশি সময়ের বন্ধুত্ব ছিল তাঁদের। নাটক, চলচ্চিত্র ও বিজ্ঞাপনচিত্রে একসঙ্গে কাজ করেছেন দুজন। বগুড়ার হোটেলে পাশাপাশি কক্ষে ছিলেন তাঁরা। সকালে নাশতার পর নিজ নিজ কক্ষে ফেরেন। পরে শুটিংয়ের প্রস্তুতির সময় সহকারী পরিচালক রাজু সোহেলকে ডাকতে গিয়ে বিছানায় অচেতন অবস্থায় দেখতে পান। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
সোহেলের মৃত্যুতে ‘নসীব’ সিনেমার শুটিং বন্ধ রাখা হয়। তাঁর আকস্মিক প্রয়াণে শোক নেমে এসেছে বিনোদন অঙ্গনে।



































































এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।