টলিউড অভিনেত্রী ঋ সেনের অকপট মন্তব্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে আলোচনা। ‘বিগ বস বাংলা’র আলোচিত প্রতিযোগী রাজবীর দেকে নিয়ে কথা বলতে গিয়ে অভিনেত্রী জানিয়েছেন, অনুষ্ঠানের ঘরে একসঙ্গে থাকলে তাঁকে চুমু খেতে পারতেন। একই সঙ্গে রাজবীর ও নন্দিনীর ঘনিষ্ঠ সম্পর্ক নিয়েও ইতিবাচক মনোভাব প্রকাশ করেছেন তিনি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে রাজবীরের চেহারা ও ব্যক্তিত্ব নিয়ে প্রশ্ন করা হলে ঋ বলেন, রাজবীর ভালো মানুষ হলেও তাঁকে দেখে প্রেমে পড়ে যাওয়ার মতো অনুভূতি তৈরি হয়নি। জীবনে অনেক সুদর্শন পুরুষ দেখেছেন, ভবিষ্যতেও দেখবেন বলেও মন্তব্য করেন অভিনেত্রী। তবে ‘বিগ বস’-এর ঘরে থাকলে রাজবীরের সঙ্গে চুমুর মতো ঘনিষ্ঠতা হতে পারত বলে মজা করে জানান তিনি।
অনুষ্ঠানে রাজবীর ও নন্দিনীর সম্পর্ক নিয়েও নিজের মতামত তুলে ধরেন ঋ। তাঁদের ঘনিষ্ঠতা নিয়ে আপত্তির কিছু দেখছেন না অভিনেত্রী। বরং দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠলে সেটিকে স্বাগত জানাবেন বলে জানান তিনি।
ঋর ভাষায়, জীবনে প্রেম ও যৌনতারও প্রয়োজন রয়েছে। রাজবীর-নন্দিনীর সম্পর্কের রসায়ন তাঁর ভালো লাগছে বলেও মন্তব্য করেন তিনি।
অভিনেত্রীর এমন খোলামেলা বক্তব্য প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ তাঁর অকপট কথাবার্তার প্রশংসা করছেন, আবার কেউ মন্তব্যগুলো নিয়ে আলোচনা-সমালোচনা করছেন।

