ভারতের সাবেক প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর জন্মদিনে পালিত হয় শিশু দিবস। বিশেষ এই দিনটিকে স্মরণীয় করে রাখতে নিজের পারিবারিক অ্যালবাম থেকে মা শর্মিলা ঠাকুর ও বাবা মনসুর আলী খান পাতৌদির (টাইগার পাতৌদি) শৈশবের দুর্লভ তিনটি সাদা-কালো ছবি প্রকাশ করেছেন অভিনেত্রী সোহা আলী খান।
শুক্রবার ইনস্টাগ্রামে ছবিগুলো শেয়ার করেন সোহা। একটিতে দেখা যায়, ছোট্ট শর্মিলা নেহরুর কোটে কিছু একটা পরিয়ে দিচ্ছেন। অন্য একটি ছবিতে অল ইন্ডিয়া রেডিওতে নেহরুর পাশে দাঁড়িয়ে আছেন তিনি। আরেকটি ছবিতে নেহরুর সঙ্গে দেখা যায় শিশু মনসুর আলী খানকে।
ছবিগুলোর ক্যাপশনে সোহা লিখেছেন, মা-বাবা হওয়ার আগে তাঁরাও ছিলেন শিশু। শিশু দিবসে পারিবারিক অ্যালবামের এই বিশেষ মুহূর্তগুলো ভাগ করে নিতে পেরে তিনি আনন্দিত। তাঁর মা ও বাবা একসময় ছোট্ট শিশু ছিলেন, আর তাঁদের পাশে ছিলেন এমন একজন নেতা, যিনি শিশুদের জাতির ভবিষ্যৎ মনে করতেন।
সোহা আরও জানান, নেহরু নিজের জন্মদিনকে ব্যক্তিগত উদ্যাপনের মধ্যে সীমাবদ্ধ রাখতে চাননি। বরং শিশুদের স্বপ্ন, সম্ভাবনা ও ভবিষ্যৎকে গুরুত্ব দেওয়ার লক্ষ্যেই দিনটি শিশু দিবস হিসেবে পালনের ভাবনা সামনে আসে।
নিজের মা-বাবার সাফল্যের পেছনে প্রতিভা, পরিশ্রম, অধ্যবসায় ও সুযোগের ভূমিকার কথা উল্লেখ করে তিনি প্রত্যাশা করেন, দেশের প্রতিটি শিশুও যেন স্বপ্ন পূরণের সমান সুযোগ পায়।
উল্লেখ্য, ১৯৬৫ সালে একটি ক্রিকেট ম্যাচ-পরবর্তী অনুষ্ঠানে শর্মিলা ও টাইগার পাতৌদির পরিচয় হয়। চার বছরের প্রেমের পর ১৯৬৮ সালে বিয়ে করেন তাঁরা।

মন্তব্য
শেয়ার করুন-





















































এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।