যুক্তরাজ্যে জন্মহার কমে যাওয়া এবং অভিবাসনের বর্তমান প্রবণতা অব্যাহত থাকলে ২০৬০-এর দশকের শুরুতে দেশটিতে শ্বেতাঙ্গ ব্রিটিশরা সংখ্যালঘু হয়ে পড়তে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেছেন জনসংখ্যাবিদ পল মরল্যান্ড। এ পরিস্থিতি মোকাবিলায় বড় পরিবার গঠনে উৎসাহ দেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।
ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য টেলিগ্রাফ’-এর প্রতিবেদনে বলা হয়েছে, পল মরল্যান্ড ও ফিলিপ পিলকিংটনের যৌথভাবে লেখা নতুন বই ‘বাস্ট’-এ যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশে জন্মহার কমে যাওয়ার দীর্ঘমেয়াদি প্রভাব তুলে ধরা হয়েছে।
মরল্যান্ডের হিসাব অনুযায়ী, যুক্তরাজ্যে বর্তমানে নারীপ্রতি গড় জন্মহার প্রায় ১ দশমিক ৪, যেখানে জনসংখ্যার স্থিতিশীলতা বজায় রাখতে প্রয়োজন ২ দশমিক ১। এ প্রবণতা চলতে থাকলে আগামী ৫০ বছরে দেশটির নিজস্ব জনসংখ্যা ৭৫ শতাংশ পর্যন্ত কমে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন তিনি।
জন্মহার হ্রাসের প্রভাব শুধু জনসংখ্যার গঠনেই সীমাবদ্ধ থাকবে না, অর্থনীতিতেও বড় চাপ তৈরি করতে পারে বলে মনে করেন এই গবেষক। কর্মক্ষম মানুষের সংখ্যা কমলে শ্রমবাজার সংকুচিত হবে, বিনিয়োগ ও কর আদায়ের ভিত্তি দুর্বল হবে। একই সঙ্গে বয়স্ক জনগোষ্ঠীর অনুপাত বাড়ায় পেনশন ও সামাজিক নিরাপত্তা খাতে সরকারের ব্যয়ও বেড়ে যাবে।
জনসংখ্যার ঘাটতি পূরণে বিদেশি কর্মী আনার ওপর নির্ভর করাকে স্থায়ী সমাধান মনে করেন না মরল্যান্ড। তাঁর মতে, অভিবাসীদের জন্মহারও সময়ের সঙ্গে স্থানীয়দের পর্যায়ে নেমে আসে। এ ক্ষেত্রে সীমিত অভিবাসন, সাংস্কৃতিকভাবে সাদৃশ্যপূর্ণ দেশ থেকে অভিবাসী গ্রহণ এবং জাতীয় পরিচয়ের প্রতি আত্মবিশ্বাসী হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।
সংকট মোকাবিলায় আবাসন ও শিশুর পরিচর্যার ব্যয় কমানো এবং কর্মক্ষেত্রের কাঠামো সংস্কারের মাধ্যমে বড় পরিবার গঠনের পরিবেশ তৈরির কথা বলেছেন মরল্যান্ড। তবে হাঙ্গেরিসহ বিভিন্ন দেশে আর্থিক প্রণোদনা দিয়েও জন্মহার প্রত্যাশিত মাত্রায় বাড়ানো সম্ভব হয়নি।
ভবিষ্যতে কৃত্রিম বুদ্ধিমত্তা শ্রমিক সংকট কিছুটা সামাল দিতে পারলেও মানুষের সব ধরনের শারীরিক শ্রমের বিকল্প হতে পারবে কি না, তা নিয়েও সংশয় প্রকাশ করেছেন তিনি।

মন্তব্য
শেয়ার করুন-


























































এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।