শুটিংয়ে যৌন হয়রানির শিকার হয়েছিলেন স্বরা, জানালেন অভিজ্ঞতা

17 Nov 2026, 13:00 · নিউজ ডেস্ক

বলিউডে ক্যারিয়ারের শুরুর দিকে শুটিং সেটে যৌন হয়রানির শিকার হয়েছিলেন অভিনেত্রী স্বরা ভাস্কর। ২০১১ সালে একটি সিনেমার শুটিংয়ে পরিচালকের বিরুদ্ধে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ তুলেছেন তিনি। তবে ক্যারিয়ার হারানোর আশঙ্কায় তখন সরাসরি প্রতিবাদ করার সাহস পাননি বলে জানিয়েছেন অভিনেত্রী।
সম্প্রতি ‘দ্য ফ্রি প্রেস জার্নাল’কে দেওয়া সাক্ষাৎকারে অতীতের সেই অভিজ্ঞতা তুলে ধরেন স্বরা। ‘তনু ওয়েডস মনু’ সিনেমার পর বলিউডে নিজের অবস্থান তৈরির চেষ্টা করছিলেন তিনি। বয়সও ছিল বিশের কোঠায়। ব্যক্তিগত কোনো টিম কিংবা প্রভাবশালী যোগাযোগ না থাকায় পরিস্থিতি মোকাবিলায় নিজেকে অসহায় মনে হয়েছিল তাঁর।
স্বরা জানান, সিনেমাটির শুটিং নির্ধারিত ছিল টানা ৫৬ দিনের। শুরুতেই পরিচালকের আচরণে অস্বস্তিতে পড়লেও প্রকল্প ছেড়ে যেতে চাননি তিনি। নিজের উচ্চাকাঙ্ক্ষা ও কাজ ধরে রাখার ইচ্ছার কথা উল্লেখ করে অভিনেত্রী বলেন, ক্যারিয়ার গড়ার আকাঙ্ক্ষা থাকাটা অন্যায় নয়।
তবে বিষয়টি গোপন না রেখে নির্বাহী প্রযোজককে পরিচালকের আচরণ সম্পর্কে জানান তিনি। এরপর ওই প্রযোজক শুটিংয়ের বাকি সময়ে তাঁর নিরাপত্তার বিষয়টি দেখভাল করেন। ধীরে ধীরে তাঁদের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে। বর্তমানে সেই ব্যক্তিই স্বরার ম্যানেজার।
অভিনেত্রীর মতে, ২০১১ সালের তুলনায় এখন কর্মক্ষেত্রে যৌন হয়রানি নিয়ে সচেতনতা বেড়েছে। নতুন অভিনেত্রীদের নিজেদের সীমারেখা স্পষ্ট রাখা, হয়রানির মুখে দ্রুত সহায়তা চাওয়া এবং প্রতিবাদ করার পরামর্শ দিয়েছেন তিনি।