মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়ের পর ইরান যুদ্ধ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যে দেখা যাচ্ছে এক ধরনের অসংগতি। কখনও তিনি সামরিক অভিযান নতুন করে শুরুর সম্ভাবনা নাকচ করছেন, আবার কখনও তেহরানের সঙ্গে শান্তি চুক্তির প্রয়োজনীয়তা নিয়েই প্রশ্ন তুলছেন। তাঁর এমন অবস্থান পরিবর্তনে যুদ্ধের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা বাড়ছে।
নির্বাচনের পর ট্রাম্প স্বীকার করেন, ইরান যুদ্ধ এবং এর প্রভাবে বিশ্ব অর্থনীতিতে তৈরি অস্থিরতা রিপাবলিকানদের পরাজয়ের অন্যতম কারণ। তবে যুদ্ধ শুরুর সিদ্ধান্তকে সঠিক বলেই দাবি করেন তিনি। পরে কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে জানান, ইরানে বড় ধরনের নতুন হামলার সম্ভাবনা কম এবং সামরিকভাবে যুদ্ধ কার্যত শেষ।
কিন্তু বৃহস্পতিবার আবারও যুদ্ধের সমাপ্তি নিয়ে তাড়াহুড়ো না করার ইঙ্গিত দেন ট্রাম্প। এমনকি ইরানের সঙ্গে চুক্তির প্রয়োজন নেই বলেও মন্তব্য করেন। শান্তি আলোচনায় দায়িত্ব পালন করা ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে আলোচনার পরিবর্তে অভ্যন্তরীণ জালিয়াতিবিরোধী অভিযানে মনোযোগ দিতে বলেন।
মার্কিন সংবাদমাধ্যম এপির বিশ্লেষণ অনুযায়ী, ট্রাম্পের এই অবস্থান মধ্যপ্রাচ্যের কূটনীতিকদেরও উদ্বেগে ফেলেছে। কাতার হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক করা এবং দুই দেশের মধ্যে আলোচনার পথ তৈরিতে মধ্যস্থতা চালিয়ে যাচ্ছে। তবে ওয়াশিংটনের অস্পষ্ট বার্তায় সেই উদ্যোগ বাধাগ্রস্ত হচ্ছে।
এদিকে ইরানও কঠোর অবস্থানে রয়েছে। জাতিসংঘে দেশটির উপরাষ্ট্রদূত গোলামহোসেইন দারজি জানিয়েছেন, তেহরান কূটনীতির দরজা বন্ধ করেনি। তবে যুক্তরাষ্ট্র বা ইসরায়েল নতুন করে হামলা চালালে তাৎক্ষণিক ও চূড়ান্ত জবাব দেওয়া হবে।
অন্যদিকে ইরানের নৌবাহিনী ও আইআরজিসির দাবি, হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণের ঘটনায় অন্তত চারটি তেলবাহী জাহাজে আগুন লেগেছে। ক্ষতিগ্রস্ত জাহাজগুলোর পরিচয় বা জাতীয়তা অবশ্য প্রকাশ করা হয়নি।

মন্তব্য
শেয়ার করুন-





















































এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।