দেশের প্রায় ৭০ শতাংশ ইংলিশ মিডিয়াম ও আন্তর্জাতিক মানের স্কুলের যথাযথ নিবন্ধন বা সরকারি অনুমোদন নেই। একই সঙ্গে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকসহ মোট ২ লাখ ৫৩ হাজার ৯৪৫টি পদ শূন্য রয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সদস্য সাবিরা সুলতানার প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী জানান, ইংলিশ মিডিয়াম স্কুল পরিচালনায় কার্যকর সমন্বিত নীতিমালা না থাকায় এত দিন অনেক প্রতিষ্ঠান নিজেদের মতো করে পরিচালিত হয়েছে। এসব প্রতিষ্ঠানকে জবাবদিহির আওতায় আনতে বিদেশি কারিকুলাম ও ইংরেজি মাধ্যমের স্কুলগুলোর জন্য অভিন্ন নীতিমালা তৈরির কাজ চলছে। পাশাপাশি অনুমোদনহীন প্রতিষ্ঠানগুলোকে বাধ্যতামূলক নিবন্ধনের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে।
শিক্ষক সংকটের চিত্র তুলে ধরে মন্ত্রী জানান, সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ৩ হাজার ৪৮টি, বেসরকারি মাধ্যমিকে ৮৫ হাজার ৩৩৩টি, কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে ১৪ হাজার ৬৯৭টি এবং মাদ্রাসায় ১ লাখ ১ হাজার ৮৭৩টি শিক্ষকের পদ শূন্য রয়েছে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকের ১০ হাজার ২৪৭টি এবং প্রধান শিক্ষকের ৩৮ হাজার ৭৪৭টি পদও খালি।
এ ছাড়া বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ৭৫ হাজার ৭৩৮টি শিক্ষক পদের চাহিদা পাওয়া গেছে। বিধিমালা ও পরিপত্র সংশোধন করে শিগগিরই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের কথা জানিয়েছেন মন্ত্রী। প্রতিষ্ঠানপ্রধান ও সহকারী প্রধানের ১১ হাজার ১৫১টি পদ পূরণের কার্যক্রমও চলছে।
সংসদে শিক্ষামন্ত্রী শহর ও গ্রামের শিক্ষার সুযোগ-সুবিধায় বিদ্যমান বৈষম্যের কথাও স্বীকার করেন। গ্রামীণ প্রতিষ্ঠানে অবকাঠামো, দক্ষ বিষয়ভিত্তিক শিক্ষক এবং প্রযুক্তি ব্যবহারে সীমাবদ্ধতা রয়েছে বলে জানান তিনি। এসব বৈষম্য কমাতে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে।
অন্যদিকে, ক্যাডেট কলেজে একজন শিক্ষার্থীর পেছনে সরকারের মাসিক ব্যয় ৪৪ হাজার ৫০৪ টাকা বলে সংসদকে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। বার্ষিক হিসাবে এ ব্যয়ের পরিমাণ ৫ লাখ ৩৪ হাজার ৪৩ টাকা। আবাসন, খাবার, শিক্ষা, খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রমে এ অর্থ ব্যয় হয়।

মন্তব্য
শেয়ার করুন-






























































এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।