দিল্লিতে দূষণের ভয়াবহতা, অর্ধেক সরকারি কর্মীর বাসায় বসে কাজের নির্দেশ

দিল্লিতে দূষণের ভয়াবহতা, অর্ধেক সরকারি কর্মীর বাসায় বসে কাজের নির্দেশ
প্রিন্ট

ভারতের রাজধানী দিল্লিতে বায়ুদূষণ পরিস্থিতির মারাত্মক অবনতি হয়েছে। দূষণ নিয়ন্ত্রণে সড়কে যানবাহনের চাপ কমানোর উদ্যোগ হিসেবে সরকারি দপ্তরগুলোর অর্ধেক কর্মকর্তা-কর্মচারীকে বাড়ি থেকে কাজ করার নির্দেশ দিয়েছেন দুই মন্ত্রী।
শুক্রবার পরিবেশমন্ত্রী মনজিন্দর সিং সিরসা এবং পরিবহনমন্ত্রী পঙ্কজ সিং নিজ নিজ মন্ত্রণালয়ের অধীন দপ্তরগুলোর জন্য এ নির্দেশনা জারি করেন। তাঁদের মতে, কর্মীদের একটি অংশ বাসা থেকে কাজ করলে সড়কে যানবাহনের সংখ্যা কমবে, যা দূষণ নিয়ন্ত্রণে সহায়ক হতে পারে।

সংশ্লিষ্ট কর্মকর্তাদের তথ্যমতে, শুক্রবার সকালে দিল্লির বায়ুমান সূচক (একিউআই) ৪০৩-এ পৌঁছায়। এই মাত্রাকে ‘মারাত্মক’ দূষণ হিসেবে চিহ্নিত করা হয়। পরে বিকেল ৪টার দিকে সূচক কিছুটা কমে ৩৭৩-এ দাঁড়ালেও পরিস্থিতি ছিল ‘অত্যন্ত খারাপ’ পর্যায়ে।
এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, মন্ত্রীদের এই নির্দেশনা মূলত সচিবালয়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রযোজ্য হবে। তবে জরুরি সেবা কার্যক্রম সচল রাখতে হাসপাতালের কর্মীদের এ সিদ্ধান্তের আওতার বাইরে রাখা হয়েছে।
উল্লেখ্য, মনজিন্দর সিং সিরসা পরিবেশের পাশাপাশি খাদ্য ও সরবরাহ, শিল্প এবং বন ও বন্যপ্রাণী বিভাগের দায়িত্বে রয়েছেন। অন্যদিকে পঙ্কজ সিং পরিবহনের সঙ্গে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ এবং তথ্যপ্রযুক্তি বিভাগের দায়িত্ব পালন করছেন।

পাঠকের মন্তব্য

মন্তব্য সরাসরি প্রকাশিত হবে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য

শেয়ার করুন-