রাতের পর রাত ঠিকমতো ঘুম হচ্ছে না? সাময়িক ক্লান্তির বাইরে দীর্ঘদিনের অনিদ্রা মস্তিষ্কের স্বাভাবিক কার্যক্রমেও নেতিবাচক প্রভাব ফেলতে পারে। স্মৃতিশক্তি, চিন্তাভাবনা ও আবেগ নিয়ন্ত্রণের পাশাপাশি দীর্ঘমেয়াদে স্ট্রোকের ঝুঁকির সঙ্গেও ঘুমের অনিয়মের সম্পর্ক রয়েছে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।
ভারতের স্যার এইচ এন রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতালের নিউরোসায়েন্স বিভাগের পরিচালক ডা. অরুণ শাহের মতে, ঘুমের সময় মস্তিষ্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ পুনরুদ্ধারমূলক প্রক্রিয়া চলে। এর মধ্যে রয়েছে গ্লাইমফ্যাটিক সিস্টেমের মাধ্যমে স্নায়ুকোষের বর্জ্য পরিষ্কার এবং স্মৃতি সংরক্ষণে প্রয়োজনীয় স্নায়বিক সংযোগ সুসংহত করা। দীর্ঘদিন ঘুমের ব্যাঘাত ঘটলে এসব কার্যক্রম বাধাগ্রস্ত হতে পারে।
বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী, অধিকাংশ প্রাপ্তবয়স্ক মানুষের প্রতিদিন সাত থেকে নয় ঘণ্টা ঘুম প্রয়োজন। পর্যাপ্ত ঘুম মনোযোগ, সিদ্ধান্ত গ্রহণ, সমস্যা সমাধান ও আবেগ নিয়ন্ত্রণে সহায়তা করে। তবে শুধু ঘুমের সময় নয়, ঘুমের বিভিন্ন ধাপ নির্বিঘ্নে সম্পন্ন হওয়াও গুরুত্বপূর্ণ।
ডা. অরুণ বলেন, বারবার ঘুম ভেঙে যাওয়া, অনিয়মিত ঘুম এবং অতিরিক্ত ঘুমের প্রবণতা চিন্তাশক্তি ও স্মৃতিশক্তির ওপর প্রভাব ফেলতে পারে। বিশেষ করে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়ায় ঘুমের মধ্যে বারবার শ্বাসপ্রশ্বাস বাধাগ্রস্ত হয়। এতে রক্তে অক্সিজেনের মাত্রা কমে যাওয়ার পাশাপাশি মস্তিষ্কের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা থাকে।
তাঁর ভাষ্য, স্লিপ অ্যাপনিয়ায় আক্রান্ত ব্যক্তিদের স্ট্রোকের ঝুঁকিও উল্লেখযোগ্যভাবে বেশি। ঘুমের সময় শ্বাসপ্রশ্বাসে বারবার বাধা তৈরি হলে মস্তিষ্কে রক্ত সরবরাহের স্বাভাবিক প্রক্রিয়ায় প্রভাব পড়তে পারে। দীর্ঘমেয়াদে এটি সেরিব্রাল ইনফার্কশনের ঝুঁকি বাড়াতে পারে।
তাই মস্তিষ্কের সুস্থতা বজায় রাখতে নিয়মিত ও পর্যাপ্ত ঘুমের পাশাপাশি ঘুমের সমস্যাকে অবহেলা না করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞ।

মন্তব্য
শেয়ার করুন-


























































এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।