ঘরকেই সাধারণত মানুষের সবচেয়ে নিরাপদ আশ্রয় মনে করা হয়। অথচ বিশ্বজুড়ে অসংখ্য নারী ও কন্যাশিশুর জন্য সেই ঘরই হয়ে উঠছে মৃত্যুর জায়গা। জাতিসংঘের নতুন এক প্রতিবেদনে উঠে এসেছে, ২০২৫ সালে বিশ্বে ৪৭ হাজারের বেশি নারী ও কন্যাশিশু ঘনিষ্ঠ সঙ্গী কিংবা পরিবারের সদস্যদের হাতে প্রাণ হারিয়েছেন। অর্থাৎ, প্রতি ঘণ্টায় গড়ে প্রায় পাঁচজন নারী হত্যার শিকার হয়েছেন।
মঙ্গলবার প্রকাশিত প্রতিবেদনটি তৈরি করেছে জাতিসংঘের নারী সংস্থা ইউএন উইমেন এবং মাদক ও অপরাধবিষয়ক দপ্তর। এতে ১২২টি দেশ ও অঞ্চলের তথ্য বিশ্লেষণ করা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত বছর ইচ্ছাকৃত হত্যাকাণ্ডের শিকার ৭৮ হাজার নারী ও কন্যাশিশুর প্রায় ৬০ শতাংশকে হত্যা করেছেন তাঁদের পরিচিতজন বা পরিবারের সদস্যরা। প্রতিদিন গড়ে ১২৯ জন নারী ও কন্যাশিশু এভাবে প্রাণ হারিয়েছেন।
অঞ্চলভিত্তিক হিসাবে সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি আফ্রিকায়। সেখানে স্বজনদের হাতে নিহত হয়েছেন ২২ হাজার ১০০ নারী ও কন্যাশিশু। এশিয়ায় এ সংখ্যা ১৫ হাজার ১০০, আমেরিকায় ৭ হাজার ৪০০, ইউরোপে ২ হাজার ১০০ এবং ওশেনিয়ায় ৩০০।
জাতিসংঘের পর্যবেক্ষণ বলছে, বিশ্বে সামগ্রিক হত্যাকাণ্ডের হার কমলেও নারীদের হত্যার ঘটনা তুলনামূলক ধীরগতিতে কমছে। বিশেষ করে ঘরের ভেতরেই নারীদের নিরাপত্তাহীনতা উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। ২০২৫ সালে হত্যার শিকার নারী ও কন্যাশিশুদের ৬০ শতাংশই নিজ বসতবাড়িতে প্রাণ হারিয়েছেন।
প্রতিবেদনটি নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে বিশ্বব্যাপী কার্যকর পদক্ষেপের প্রয়োজনীয়তাকে আবারও সামনে এনেছে।






























































এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।