২০১৬ সালে মডেল হওয়ার স্বপ্ন নিয়ে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান দিয়েগোতে একটি ফটোশুটে গিয়েছিলেন মারিয়াহ রিফ। বয়স তখন মাত্র ১৯। কিন্তু সেই স্বপ্নের আড়ালে যে ভয়ংকর প্রতারণা অপেক্ষা করছিল, তা কল্পনাও করেননি তিনি। একটি হোটেলে ফটোশুটের কথা বলে ডেকে নিয়ে তাকে জোরপূর্বক পর্নোগ্রাফির ভিডিওতে অংশ নিতে বাধ্য করা হয়।
সম্প্রতি ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানকে দেওয়া সাক্ষাৎকারে ২৯ বছর বয়সী মারিয়াহ সেই দুঃসহ অভিজ্ঞতার কথা তুলে ধরেন। তার ভাষায়, হোটেলের ওই কক্ষে যেন তার মৃত্যু হয়েছিল; বেঁচে থাকলেও নিজেকে মনে হচ্ছিল প্রাণহীন এক মানুষ।
আর্থিক সংকটের মধ্যে ক্রেইগলিস্টে মডেলিংয়ের বিজ্ঞাপন দেখে যোগাযোগ করেছিলেন মারিয়াহ। পরে হিলটন হোটেলে ডেকে নিয়ে তাকে প্রায় আট ঘণ্টা ধরে ভিডিও ধারণে বাধ্য করা হয়। পরিচয় গোপন রাখার প্রতিশ্রুতি দেওয়া হলেও ৪ হাজার ৫০০ ডলারের বিনিময়ে ধারণ করা ভিডিও এক মাসের মধ্যেই ছড়িয়ে পড়ে।
ভিডিও ছড়িয়ে পড়ার পর সামাজিক অপমান ও মানসিক যন্ত্রণায় ভেঙে পড়েন তিনি। ২০২১ সালে এফবিআই তদন্তের জন্য তার সঙ্গে যোগাযোগ করে। পরে সংশ্লিষ্ট তিন ব্যক্তি চার, ২০ ও ২৭ বছরের কারাদণ্ড পান।
বর্তমানে দুই সন্তানের মা মারিয়াহ অনলাইনে যৌন নিপীড়নের শিকার ব্যক্তিদের সহায়তা এবং অনুমতি ছাড়া ছড়িয়ে পড়া আপত্তিকর ভিডিও অপসারণে কাজ করছেন। নিজের অভিজ্ঞতাকে পুঁজি করে অন্য নারীদের এমন প্রতারণা থেকে রক্ষা করাই এখন তার লক্ষ্য।

মডেল হওয়ার স্বপ্ন দেখিয়ে তরুণীকে পর্নোগ্রাফিতে বাধ্য!
16 Nov 2026, 16:50 · নিউজ ডেস্ক
