মেক্সিকোর অপরাধজগতের একসময়ের প্রভাবশালী মাদক সম্রাট মিগুয়েল অ্যাঞ্জেল ফেলিক্স গালার্দো আর নেই। ৮০ বছর বয়সে কারাগার থেকে হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়েছে। ‘বস অব বসেস’ ও ‘দ্য গডফাদার’ নামে পরিচিত এই মাদক সম্রাট জীবনের শেষ সময় কাটিয়েছেন বন্দিদশায়।
সোমবার (১৬ নভেম্বর) আনাদোলু এজেন্সির প্রতিবেদনে জানানো হয়, পশ্চিম মেক্সিকোর জালিস্কোর পুয়েন্তে গ্রান্দে কারাগার থেকে গুয়াদালাহারার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়েছিল তাকে। শারীরিক অবস্থার অবনতি হলে জরুরি ভিত্তিতে হাসপাতালে ভর্তি করা হয়। স্থানীয় সময় দুপুর ২টার দিকে একাধিক অঙ্গ বিকল হয়ে তার মৃত্যু হয়।
১৯৭০ ও ১৯৮০-এর দশকে গুয়াদালাহারা কার্টেল প্রতিষ্ঠার মাধ্যমে মেক্সিকোর মাদক পাচার নেটওয়ার্ক গড়ে তোলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন গালার্দো। কলম্বিয়ার কোকেন পাচারকারীদের সঙ্গে যোগাযোগ স্থাপন করে যুক্তরাষ্ট্রে মাদক সরবরাহের পথ সম্প্রসারণ করেন তিনি।
১৯৮৯ সালের এপ্রিল থেকে কারাবন্দি ছিলেন গালার্দো। মাদক পাচার ও অস্ত্র আইনের অপরাধে ৪০ বছর এবং মার্কিন ডিইএ কর্মকর্তা এনরিকে ‘কিকি’ কামারেনা ও পাইলট আলফ্রেদো জাভালা আভেলারকে অপহরণ ও হত্যার দায়ে আরও ৩৭ বছরের কারাদণ্ড হয়েছিল তার।
বার্ধক্য ও শারীরিক জটিলতার কারণে আইনজীবীরা গৃহবন্দির আবেদন করলেও শেষ পর্যন্ত কারাগারেই কাটে তার জীবনের শেষ অধ্যায়।

কারাগারেই মৃত্যু কুখ্যাত মাদক সম্রাট ফেলিক্স গালার্দোর
16 Nov 2026, 16:53 · আন্তর্জাতিক ডেস্ক
