চীন থেকে বাংলাদেশের উদ্দেশে যাত্রা করা একটি জাহাজে ৪০৫ টন বিস্ফোরক তৈরিতে ব্যবহৃত রাসায়নিক উপাদান জব্দ করেছে ইন্দোনেশিয়ার নৌবাহিনী। গত ৭ নভেম্বর দেশটির বেলাওয়ান উপকূলীয় জলসীমায় কোমোরোসের পতাকাবাহী এমভি স্টার লাইন নামের জাহাজটি আটক করা হয়।
শুক্রবার (২০ নভেম্বর) বেলাওয়ানে আয়োজিত সংবাদ সম্মেলনে ইন্দোনেশিয়ার নৌবাহিনীর আঞ্চলিক কমান্ড-১-এর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল ডেনি সেপ্টিয়ানা এ তথ্য জানান।
তিনি বলেন, বাংলাদেশে যাওয়ার পথে জ্বালানি নিতে বেলাওয়ান জলসীমায় অবস্থান করছিল জাহাজটি। এ সময় নৌবাহিনীর টহল জাহাজ কেআরআই সিগালু-৮৫৭-এর সদস্যরা এর অস্বাভাবিক গতিবিধি লক্ষ করেন। নির্ধারিত পথের বাইরে চলাচল করায় সন্দেহ তৈরি হলে জাহাজটির সঙ্গে যোগাযোগ করা হয়।
পরে নথিপত্র ও পণ্যসামগ্রীতে অসংগতি পাওয়ায় তল্লাশি চালানো হয়। এতে জাহাজের ৩৬টি কনটেইনারের মধ্যে ১৫টিতে সোডিয়াম পারক্লোরেট পাওয়া যায়। অক্সিডাইজার হিসেবে ব্যবহৃত এই রাসায়নিকের মোট পরিমাণ ৪০৫ টন।
নৌবাহিনীর কর্মকর্তারা জানান, জাহাজটির প্রশাসনিক নথিপত্র ও সমুদ্রপথে চলাচলের বৈধতা নিয়েও প্রশ্ন উঠেছে। নথিতে মেয়াদ ২০২৭ সালের ৮ অক্টোবর পর্যন্ত উল্লেখ থাকলেও জাহাজটির বৈধতার অবস্থা স্থগিত হিসেবে শনাক্ত হয়েছে।
ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত ও জিজ্ঞাসাবাদ চলছে। পাশাপাশি বিপজ্জনক পণ্য পরিবহনের নিয়ম যথাযথভাবে অনুসরণ করা হয়েছিল কি না, তা খতিয়ে দেখছে ইন্দোনেশিয়ার নৌবাহিনী।
সূত্র: ওয়াসপাড.আইডি






























































এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।