অবৈধ গাছ কাটা, শিকার ও গবাদিপশুর খামার সম্প্রসারণে ক্রমেই সংকুচিত হচ্ছে ব্রাজিলের অ্যামাজন বনাঞ্চল। এর প্রভাব পড়ছে সেখানে বসবাসকারী বিচ্ছিন্ন আদিবাসী জনগোষ্ঠী আভাদের জীবনেও। সম্প্রতি প্রায় ২০ জন আভা সদস্য বনাঞ্চল থেকে বেরিয়ে এসে সরকারি একটি দলের কাছে খাবার চেয়েছে। বিরল এ ঘটনার ছবি ও ভিডিও প্রকাশের পর তাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
যুক্তরাজ্যভিত্তিক আদিবাসী অধিকার সংগঠন সারভাইভাল ইন্টারন্যাশনাল মঙ্গলবার (১৭ নভেম্বর) ছবিগুলো প্রকাশ করে। সংগঠনটির তথ্য অনুযায়ী, সোমবার ব্রাজিলের উত্তর-পূর্বাঞ্চলীয় মারানিয়াও রাজ্যে সরকারি দলের সঙ্গে আভা জনগোষ্ঠীর সদস্যদের ওই সাক্ষাৎ হয়।
ব্রাজিলের আদিবাসীবিষয়ক সংস্থা ফুনাই জানিয়েছে, আরারিবোইয়া আদিবাসী ভূখণ্ডে বিচ্ছিন্ন আভাদের সঙ্গে একটি গ্রামের যোগাযোগের ভিডিও ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তথ্য পর্যালোচনা করা হচ্ছে। তবে সরকারি নীতিমালা অনুযায়ী, বিচ্ছিন্ন জনগোষ্ঠীর সঙ্গে যোগাযোগ স্থাপনের কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না। স্থানীয় গুয়াজাজারা আদিবাসীদের ধারণ করা ভিডিওতে ঘটনাটি উঠে এসেছে।
সারভাইভাল ইন্টারন্যাশনালের পরিচালক ক্যারোলিন পিয়ার্স বলেন, অবৈধ অনুপ্রবেশকারীরা আভাদের ভূখণ্ড ঘিরে ফেলছে। ফলে বন ধ্বংসের মধ্যে ক্রমেই ছোট হয়ে আসা এলাকায় আটকে পড়ছে এই জনগোষ্ঠী। তার ভাষায়, বিচ্ছিন্ন আভারা এখন চরম চাপের মধ্যে রয়েছে।
আদিবাসী সংগঠন কোয়াপিমা সতর্ক করেছে, অপরিকল্পিত যোগাযোগ তাদের জন্য মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে। বাইরের মানুষের মাধ্যমে ছড়িয়ে পড়া সংক্রামক রোগে তাদের জীবন বিপন্ন হওয়ার আশঙ্কা রয়েছে। অতীতেও এমন ঘটনার নজির আছে। কলম্বিয়ায় ১৯৮০-এর দশকে বহিরাগতদের সংস্পর্শে আসার পর বিচ্ছিন্ন নুকাক জনগোষ্ঠীর প্রায় ৪০ শতাংশ সদস্য বিভিন্ন রোগে মারা যায়।
সারভাইভাল ইন্টারন্যাশনালের জ্যেষ্ঠ গবেষক তেরেসা মায়োর মতে, বন ধ্বংস হলে বিচ্ছিন্ন আদিবাসীদের অস্তিত্বও বিপন্ন হয়। অধিকারকর্মীদের ভাষ্য, তাই আমাজন রক্ষা কেবল পরিবেশ সংরক্ষণের বিষয় নয়; হাজার বছরের সংস্কৃতি ও জীবনধারা টিকিয়ে রাখারও শর্ত।

মন্তব্য
শেয়ার করুন-

























































এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।