কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে রাজনৈতিক দল নয়, বরং সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে অভিহিত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী বক্তব্যে তিনি বলেন, দলটির সহিংস কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। দেশে ও দেশের বাইরে তাদের কর্মকাণ্ডের মাধ্যমে সন্ত্রাসী পরিচয়ের প্রমাণ মিলেছে বলেও মন্তব্য করেন তিনি।
বক্তব্যে প্রধানমন্ত্রী ২০২৪ সালের মতো আবারও পরাজিত শক্তির ষড়যন্ত্র মোকাবিলায় দল-মতনির্বিশেষে সব রাজনৈতিক পক্ষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় অন্য কোনো শক্তির অধীনতা মেনে নেওয়া হবে না বলেও দৃঢ় অবস্থান ব্যক্ত করেন তিনি।
তিনি বলেন, একদিকে রয়েছে পরাধীনতার শৃঙ্খল, অন্যদিকে স্বাধীনতার পতাকা। দেশের কর্তৃত্ব কোনো তাবেদার শক্তির হাতে তুলে দেওয়া হবে না। জনগণকে সঙ্গে নিয়ে স্বাধীনতাবিরোধী তৎপরতা প্রতিহত করার কথাও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।
সংসদে অর্থনৈতিক পরিস্থিতি তুলে ধরে তিনি জানান, দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বর্তমানে ৩৬ দশমিক ৩৫ বিলিয়ন ডলার। বিদেশ সফর প্রসঙ্গে তিনি বলেন, বিভিন্ন দেশের সঙ্গে এখন পর্যন্ত চুক্তি নয়, সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে। জাপান সফরসংক্রান্ত সমঝোতা স্মারক পরবর্তী সংসদ অধিবেশনে উপস্থাপন করা হবে।
সাবেক সরকারের সমালোচনা করে তারেক রহমান অর্থ পাচারের অভিযোগ তোলেন। তার দাবি, ওই সরকারের আমলে প্রতিবছর দুই লাখ কোটি ডলার পাচার হতো। সরকার পরিবর্তনের পর দেশে বাক্স্বাধীনতা, গণতন্ত্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠার পরিবেশ তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

মন্তব্য
শেয়ার করুন-





























































এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।