ট্রাইব্যুনালে হাতকড়া পরতে নারাজ জিয়াউল আহসান

13 Nov 2026, 16:42 · নিউজ ডেস্ক


আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার সময় হাতে হাতকড়া পরতে অস্বীকৃতি জানিয়েছেন সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান। বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে প্রিজনভ্যান থেকে নামানোর সময় এক পুলিশ সদস্য হাতকড়া পরাতে গেলে তিনি আপত্তি জানিয়ে বলেন, ‘আমি এসব পরব না। কোন আইনে আছে।’
পরে হাতকড়া ছাড়াই তাকে প্রিজনভ্যান থেকে নামিয়ে ট্রাইব্যুনালের হাজতখানায় নেওয়া হয়। দুপুর ২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর এজলাসে তোলার সময় পুলিশ ও সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘জয় আমাদের হবেই, কেউ ঠেকাতে পারবে না।’
এর আগে দুপুর দেড়টার দিকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে কারাগার থেকে তাকে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে আনা হয়। হাতকড়া পরানো নিয়ে প্রিজনভ্যানের ভেতরে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যের সঙ্গে কিছুক্ষণ কথা কাটাকাটিও হয়।
২০১৩ সালের ৫ মে রাতে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশে হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।
এদিন ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানি শুরু হয়।
মামলার ৪১ আসামির মধ্যে ১১ জন গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। বাকি ৩০ জন পলাতক। বৃহস্পতিবার কারাগারে থাকা ১১ আসামিকেই ট্রাইব্যুনালে হাজির করা হয়।