আন্তর্জাতিক ইনকামিং কলসেবা থেকে অর্জিত ২৫৯ কোটি ৬২ লাখ টাকা দেশে না এনে পাচারের অভিযোগে সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য জাহাঙ্গীর কবির নানকসহ চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিলের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযুক্ত অন্যরা হলেন নানকের স্ত্রী সৈয়দা আরজুমান বানু, মেয়ে এস আমরীন রাখি এবং রাতুল টেলিকমের পরিচালক মো. মাসুদুর রহমান বিপ্লব।
বুধবার (১৮ নভেম্বর) দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য জানান।
দুদকের তদন্ত অনুযায়ী, ২০১২ সালের আগস্ট থেকে ২০১৩ সালের সেপ্টেম্বর পর্যন্ত ১৪ মাসে রাতুল টেলিকম আন্তর্জাতিক কলসেবা রপ্তানির বিপরীতে ৩ কোটি ৩২ লাখ ৮৪ হাজার ৬৮১ দশমিক ৫২ ডলার দেশে ফেরত আনেনি। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ২৫৯ কোটি ৬২ লাখ ৫ হাজার ১৫৮ টাকা ৫৬ পয়সা।
দুদকের তথ্য বলছে, বিটিআরসির কাছ থেকে আন্তর্জাতিক ইনকামিং কলসেবার আইজিডব্লিউ লাইসেন্স পাওয়া প্রতিষ্ঠানটি ওই সময়ে ১১৬ কোটি ৯৯ লাখ ৩০ হাজার ৭৪২ মিনিটের বেশি আন্তর্জাতিক কল গ্রহণ করে। প্রতি মিনিটে ৩ সেন্ট হিসাবে এসব কলের বিপরীতে ৩ কোটি ৫০ লাখ ৯৭ হাজার ৯২২ ডলারের বেশি দেশে আনার কথা ছিল। কিন্তু সাউথইস্ট ব্যাংকের হিসাব পর্যালোচনায় দেখা যায়, দেশে এসেছে মাত্র ১৮ লাখ ১৩ হাজার ২৪০ ডলার। বাকি অর্থ দেশে ফেরত আসেনি।
এ ঘটনায় ২০২৫ সালের ১৫ জানুয়ারি দুদকের ঢাকা-১ সমন্বিত জেলা কার্যালয়ে মামলা করা হয়। প্রাথমিকভাবে মামলায় নানক, তার স্ত্রী ও মেয়ের নাম থাকলেও তদন্তে রাতুল টেলিকমের পরিচালক ও শেয়ারহোল্ডার মাসুদুর রহমান বিপ্লবের সংশ্লিষ্টতার তথ্য পাওয়া যায়।
দুদকের তদন্তে বলা হয়েছে, সংশ্লিষ্ট সময়ে সৈয়দা আরজুমান বানু, এস আমরীন রাখি ও মাসুদুর রহমান বিপ্লব প্রতিষ্ঠানটির বিভিন্ন পরিচালক ও চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন। তাদের দায়িত্ব পালনকালে অর্থ দেশে না এনে মানিলন্ডারিংয়ের ঘটনা ঘটেছে বলে তদন্তে প্রতীয়মান হয়েছে।
এ ছাড়া নানক মন্ত্রী ও সংসদ সদস্য থাকাকালে ক্ষমতার প্রভাব খাটিয়ে স্ত্রী ও মেয়েকে অর্থ পাচারে সহযোগিতা করেছেন বলে অভিযোগ করেছে দুদক। এসব অভিযোগে চারজনের বিরুদ্ধে মানিলন্ডারিং প্রতিরোধ আইন, দণ্ডবিধি ও দুর্নীতি প্রতিরোধ আইনের সংশ্লিষ্ট ধারায় অভিযোগপত্র দাখিল করা হবে।

মন্তব্য
শেয়ার করুন-


























































এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।