শীতের কুয়াশামাখা সকাল, পাহাড়ের সবুজ ঢাল কিংবা সমুদ্রের নীল জলরাশি—ভ্রমণপিপাসুদের জন্য শীত যেন প্রকৃতির বিশেষ আমন্ত্রণ। তবে ছুটি কাটানোর পরিকল্পনায় অনেকেরই বাধা হয়ে দাঁড়ায় বাজেট। অথচ আগাম প্রস্তুতি ও সঠিক গন্তব্য নির্বাচন করলে সীমিত খরচেও দেশের সৌন্দর্য উপভোগ করা সম্ভব।
শীতের ছুটিতে কম খরচে ঘুরে আসার জন্য বেছে নিতে পারেন পাঁচটি দর্শনীয় স্থান।
শ্রীমঙ্গল, মৌলভীবাজার: চা-বাগানের সবুজ প্রান্তর, মাধবপুর লেক, লাউয়াছড়া জাতীয় উদ্যান ও বাইক্কা বিলের অতিথি পাখি—সব মিলিয়ে প্রকৃতিপ্রেমীদের জন্য আকর্ষণীয় গন্তব্য শ্রীমঙ্গল। ঢাকা থেকে বাস কিংবা ট্রেনে যাওয়া যায়।
বিরিশিরি, নেত্রকোনা: সোমেশ্বরী নদী, চীনামাটির পাহাড় ও নীল পানির লেকের সৌন্দর্য উপভোগ করতে পারেন দুর্গাপুরের বিরিশিরিতে। ঢাকা থেকে ময়মনসিংহ হয়ে সড়ক বা রেলপথে সেখানে পৌঁছানো যায়।
কুয়াকাটা, পটুয়াখালী: একই সৈকত থেকে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখার বিরল অভিজ্ঞতা পাওয়া যায় কুয়াকাটায়। গঙ্গামতি, ফাতরার চর ও রাখাইন পল্লীও ঘুরে দেখতে পারেন।
তেঁতুলিয়া, পঞ্চগড়: আকাশ পরিষ্কার থাকলে এখান থেকে দেখা মেলে হিমালয়ের বরফঢাকা কাঞ্চনজঙ্ঘার। তেঁতুলিয়া ডাকবাংলো ও মহানন্দা নদীর তীর এ দৃশ্য উপভোগের পরিচিত স্থান।
পুঠিয়া, রাজশাহী: ইতিহাস ও স্থাপত্যপ্রেমীদের জন্য রয়েছে পুঠিয়া রাজবাড়ি, গোবিন্দ মন্দির এবং প্রাচীন মন্দির কমপ্লেক্স।
ভ্রমণের খরচ কমাতে আগেভাগে টিকিট সংগ্রহ, দলবদ্ধ ভ্রমণ, সাধারণ মানের নিরাপদ আবাসন এবং স্থানীয় খাবার বেছে নেওয়া যেতে পারে। পরিকল্পিত ভ্রমণেই সীমিত বাজেটে শীতের ছুটি হয়ে উঠতে পারে স্মরণীয়।

মন্তব্য
শেয়ার করুন-





























































এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।