প্রতিবেশী এস্তোনিয়ার বিরুদ্ধে শত্রুতামূলক কর্মকাণ্ডের অভিযোগ তুলে দেশটিকে পূর্ণাঙ্গ যুদ্ধের হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া। সীমান্ত বন্ধের সিদ্ধান্ত এবং ইউক্রেনীয় ড্রোনকে আকাশসীমা ব্যবহারের সুযোগ দেওয়ার অভিযোগ ঘিরে দুই দেশের মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।
সোমবার এস্তোনিয়ার রাষ্ট্রদূতকে তলব করে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়। পরে এক বিবৃতিতে মস্কো জানায়, এ ধরনের উসকানিমূলক ও বিপজ্জনক কর্মকাণ্ড এস্তোনিয়াকে রাশিয়ার সঙ্গে পূর্ণাঙ্গ যুদ্ধের দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছে।
রাশিয়ার অভিযোগ, এস্তোনিয়ায় রুশবিদ্বেষী মনোভাব বাড়ছে এবং দেশটিতে বসবাসরত জাতিগত রুশরা বৈষম্যের শিকার হচ্ছেন। এ ছাড়া রুশ পণ্যবাহী জাহাজ চলাচলে বাধা, শস্য পরিবহন ও রুশ ভাষা নিষিদ্ধের উদ্যোগ নেওয়ার অভিযোগও তুলেছে মস্কো। জাতীয় স্বার্থ ও নাগরিকদের অধিকার রক্ষায় রাজনৈতিক ও কূটনৈতিক পদক্ষেপ নেওয়ার অধিকার রয়েছে বলেও জানিয়েছে দেশটি।
তবে রাশিয়ার অভিযোগ প্রত্যাখ্যান করেছে এস্তোনিয়া। দেশটির পুলিশ জানিয়েছে, রুশ গোয়েন্দা সংস্থার লোক নিয়োগ ও প্রভাব বিস্তারের তৎপরতা ঠেকাতেই সীমান্ত বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এস্তোনিয়া ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়নের সদস্য। ২০২২ সালে ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে ইউরোপের কয়েকটি দেশ নিজেদের ভূখণ্ডে নাশকতামূলক কর্মকাণ্ডের জন্য রাশিয়াকে দায়ী করে আসছে। তাদের মতে, কিয়েভের মিত্রদের বিরুদ্ধে মস্কোর ‘হাইব্রিড যুদ্ধের’ অংশ এসব তৎপরতা।
আল জাজিরা ও এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, বাল্টিক সাগরে রাশিয়ার একটি জাহাজে ইউক্রেনের হামলা এবং এস্তোনিয়ার সীমান্ত বন্ধের ঘোষণার পর থেকেই পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে।































































এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।