আয়ারল্যান্ডের শ্যানন বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল গার্ডের প্রায় ৬ কোটি ডলার মূল্যের একটি সামরিক বিমান কুড়াল ও রাসায়নিক পদার্থ ব্যবহার করে ক্ষতিগ্রস্ত করার অভিযোগ উঠেছে এক আইরিশ নাগরিকের বিরুদ্ধে। এ ঘটনায় ডাইথি ও’কোরেন (৪৮) নামের ওই ব্যক্তির বিরুদ্ধে মার্কিন সরকারি সম্পত্তি ধ্বংসের অভিযোগ গঠন করেছেন যুক্তরাষ্ট্রের কৌঁসুলিরা। দোষী সাব্যস্ত হলে তাঁর সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড হতে পারে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের ১১ এপ্রিল শ্যানন বিমানবন্দরে এ ঘটনা ঘটে। এফবিআইয়ের তদন্তে উঠে এসেছে, হামলার জন্য কয়েক মাস ধরে প্রস্তুতি নিয়েছিলেন ও’কোরেন। তিনি প্রথমে রানওয়েতে রাখা সি-১৩০ হারকিউলিস উড়োজাহাজের লক ভেঙে ভেতরে প্রবেশ করেন। এরপর দরজা আটকে ও জানালা ঢেকে দিয়ে বিমানের ককপিটের বিভিন্ন যন্ত্রপাতি ভাঙচুর করেন।
তদন্ত প্রতিবেদন অনুযায়ী, তিনি বিমানের গুরুত্বপূর্ণ বৈদ্যুতিক তার, হাইড্রোলিক ও তরল অক্সিজেনের লাইন কেটে দেন। এয়ার ডাক্টও ফুটো করেন। অ্যালুমিনিয়াম ও স্টিলের ক্ষতি করতে গ্যালিয়াম নামের রাসায়নিক ব্যবহার করেন। পাশাপাশি জ্বালানি ট্যাংকে বল বিয়ারিং ঢেলে দেন এবং বাইরে থেকে কুড়াল দিয়ে বিমানে আঘাত করেন।
মার্কিন কৌঁসুলিদের দাবি, হামলার পরিকল্পনা ছিল সুপরিকল্পিত। এমনকি বিস্ফোরণের ঝুঁকি থাকায় একটি নির্দিষ্ট লাইন কাটা থেকে বিরত ছিলেন তিনি।
ঘটনার সময় বিমানবন্দরের কর্মীরা তাঁকে বিমানের ওপর অবস্থানরত অবস্থায় ধরে ফেলেন। পরে আইরিশ পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। স্থানীয় আদালতেও তাঁর বিরুদ্ধে ফৌজদারি মামলা করা হয়।
মার্কিন কর্মকর্তা জেমস বার্নেকল জুনিয়র এক বিবৃতিতে বলেন, গুরুত্বপূর্ণ সামরিক অভিযানে নিয়োজিত থাকা অবস্থায় বিমানটিতে হামলা চালানো হয়, যা যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য সরাসরি ঝুঁকি তৈরি করেছে।
কর্ক সিটির বাসিন্দা ও’কোরেনকে স্থানীয়রা শান্তিকামী ও যুদ্ধবিরোধী আন্দোলনকারী হিসেবে বর্ণনা করেছেন। উল্লেখ্য, শ্যানন বিমানবন্দর দীর্ঘদিন ধরে মার্কিন সামরিক বিমানের ওঠানামার কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। এ বিমানবন্দরকে ঘিরে অতীতেও যুদ্ধবিরোধী বিক্ষোভের ঘটনা ঘটেছে।

মার্কিন সামরিক বিমান ধ্বংসের অভিযোগ
18 Nov 2026, 23:15 · আন্তর্জাতিক ডেস্ক
