মোবাইল অপারেটর রবি আজিয়াটার নতুন ব্র্যান্ড ‘সার্কেল’ নিয়ে আপত্তি তুলেছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। একই নামে দীর্ঘদিন ধরে ইন্টারনেট সেবা দিয়ে আসা সার্কেল নেটওয়ার্কের অভিযোগের পরিপ্রেক্ষিতে রবিকে কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছে নিয়ন্ত্রক সংস্থাটি। আগামী সাত দিনের মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়েছে।
গত ২৬ অক্টোবর রবির চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো নোটিশে অনুমোদন ছাড়া ‘সার্কেল’ নাম ব্যবহারের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছে বিটিআরসি। একই সঙ্গে ব্র্যান্ডটির কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হবে না কেন, তার ব্যাখ্যাও চাওয়া হয়েছে।
অভিযোগকারী প্রতিষ্ঠান সার্কেল নেটওয়ার্ক ২০১৬ সাল থেকে দেশব্যাপী ইন্টারনেট সেবা দিয়ে আসছে। তাদের দাবি, একই খাতে কাছাকাছি নাম ব্যবহারের কারণে গ্রাহকদের মধ্যে বিভ্রান্তি তৈরি হচ্ছে। অনেক গ্রাহক ভুল করে তাদের সেবাকেন্দ্রে রবির অভিযোগ নিয়ে যোগাযোগ করছেন। এতে প্রতিষ্ঠানটির ব্যবসায়িক পরিচিতি ও সুনাম ক্ষতিগ্রস্ত হচ্ছে।
বিটিআরসির নোটিশে রবি ও এয়ারটেলের একীভূত হওয়ার শর্তও তুলে ধরা হয়েছে। পাশাপাশি নতুন ব্র্যান্ডের প্রচারণায় এয়ারটেলকে স্বতন্ত্র অপারেটর হিসেবে উপস্থাপনের বিষয়েও আপত্তি জানিয়েছে কমিশন।
উল্লেখ্য, গত ১৭ আগস্ট রবি এয়ারটেলের পরিবর্তে ‘সার্কেল’ ব্র্যান্ড চালু করে। নতুন ব্র্যান্ডের আওতায় এয়ারটেলের গ্রাহকদের নম্বর, প্যাকেজ ও ব্যালান্স অপরিবর্তিত রাখা হয়।

































































এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।