রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সাবেক খতিব মাওলানা মুফতি রুহুল আমিনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একটি বাসায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।
মুফতি রুহুল আমিনের গ্রামের বাড়ি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়। তিনি ২০২২ সালের ৩১ মার্চ বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ২০২৪ সালের ২২ সেপ্টেম্বর পর্যন্ত তিনি এ দায়িত্বে ছিলেন। এ ছাড়া ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের সাবেক গভর্নর হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
২০১৮ সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দিয়ে আলোচনায় আসেন তিনি। এ নিয়ে সে সময় সমালোচনার মুখেও পড়েছিলেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-১ আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ছিলেন বলেও জানা যায়।
২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এর প্রায় ছয় সপ্তাহ পর, ২০ সেপ্টেম্বর জুমার নামাজের আগে অনুসারীদের নিয়ে বায়তুল মোকাররম মসজিদে উপস্থিত হন তিনি।
ওই দিন খুতবা চলাকালে মাইক্রোফোনের নিয়ন্ত্রণ নেওয়াকে কেন্দ্র করে তাঁর অনুসারীদের সঙ্গে মুসল্লিদের এক পক্ষের সংঘর্ষ হয়। এতে কয়েকজন আহত হন। মসজিদের দরজা-জানালাও ক্ষতিগ্রস্ত হয়।
ঘটনার দুই দিন পর, ২২ সেপ্টেম্বর ধর্ম মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাঁকে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিবের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার কথা জানানো হয়।

বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন আটক
18 Nov 2026, 22:42 · নিউজ ডেস্ক
