দায়িত্বশীল পদে থাকা দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা ও গ্রেপ্তারের ঘটনায় বাহিনীর অভ্যন্তরে তৈরি হয়েছে উদ্বেগ ও আস্থার সংকট। রাজনৈতিক যোগাযোগ, সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কিত কথোপকথন এবং রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে সম্পৃক্ততার অভিযোগ ঘিরে সহকর্মীদের মধ্যে প্রশ্ন উঠেছে—ওসি রাকিবুল ও এসপি জাহাঙ্গীরের পর এবার কে?
সর্বশেষ গত ১৪ নভেম্বর চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের ডেপুটি কমান্ড্যান্ট এসপি মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করা হয়। আওয়ামী লীগের নেতাদের সঙ্গে যোগাযোগ এবং সরকার উৎখাতের ষড়যন্ত্রে যুক্ত থাকার অভিযোগে পাঁচলাইশ থানায় মামলা করেন এএসপি আবদুল কাসেম চৌধুরী। পরদিন আদালত তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। তবে জাহাঙ্গীরের স্ত্রী দাবি করেছেন, মোবাইল ফোন হ্যাক করে ষড়যন্ত্রমূলকভাবে বার্তাগুলো পাঠানো হয়েছে।
এর আগে গত সেপ্টেম্বরে একই অভিযোগে গ্রেপ্তার হন ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল হাসান। তার কথোপকথনের অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছিল।
চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার হাসান মো. শওকত আলী বলেন, কয়েকজনের ব্যক্তিগত কর্মকাণ্ডের দায় পুরো বাহিনীর ওপর চাপানো উচিত নয়। ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী জানিয়েছেন, অভিযোগগুলো নিরপেক্ষভাবে তদন্ত করা হচ্ছে।
অন্যদিকে মানবাধিকারকর্মী আইনজীবী জিয়া হাবীব আহসান বলেন, অপরাধীদের শাস্তি নিশ্চিত করতে হবে, পাশাপাশি ষড়যন্ত্রমূলকভাবে নিরপরাধ কাউকে ফাঁসানোর চেষ্টা হলেও সংশ্লিষ্টদের আইনের আওতায় আনতে হবে।

মন্তব্য
শেয়ার করুন-




























































এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।