যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থার (এনএসএ) তথ্যপ্রযুক্তি ব্যবস্থায় বড় ধরনের বিভ্রাটের কারণে মধ্যপ্রাচ্যকেন্দ্রিক গোয়েন্দা কার্যক্রমে সহায়তাকারী একটি গুরুত্বপূর্ণ কেন্দ্রের যোগাযোগব্যবস্থা ব্যাহত হয়েছে। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধের মধ্যেই এ সমস্যা দেখা দিয়েছে। তবে সংস্থাটির সবচেয়ে গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর গোয়েন্দা তথ্য সংগ্রহের কার্যক্রম সচল রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সিএনএনকে চারটি সূত্র জানিয়েছে, টানা তিন দিন ধরে প্রযুক্তিগত সমস্যার কারণে এনএসএর অনেক কর্মীকে বাড়িতে অবস্থান করতে হয়েছে। জর্জিয়ার অগাস্টায় ফোর্ট গর্ডন সামরিক স্থাপনায় অবস্থিত কেন্দ্রটি মধ্যপ্রাচ্যসংক্রান্ত সাইবার অভিযান তদারক করে। সেখানকার কর্মকর্তারা সংস্থার গোপন যোগাযোগ নেটওয়ার্ক ‘এনএসএনেট’ ব্যবহার করে ওই অঞ্চলে কর্মরত সহকর্মীদের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না।
তবে বিকল্প যোগাযোগমাধ্যম ও সংরক্ষিত ব্যবস্থার সাহায্যে তথ্য আদান-প্রদান অব্যাহত রয়েছে। সাবেক এক জ্যেষ্ঠ কর্মকর্তা এনএসএনেটকে গোপন ইমেইল ব্যবস্থার সঙ্গে তুলনা করেছেন।
বৃহস্পতিবার মেরিল্যান্ডে সংস্থাটির প্রধান কার্যালয়ে অধিকাংশ কর্মীর প্রবেশে নিষেধাজ্ঞা বহাল ছিল। পরিস্থিতিকে ‘কোড অরেঞ্জ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, ব্যবস্থা পুনরায় সচল করার কাজ প্রত্যাশার তুলনায় ধীরগতিতে এগোচ্ছে।
মার্কিন কর্মকর্তাদের দাবি, এ বিভ্রাট কোনো সাইবার হামলার কারণে ঘটেনি। কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় শনাক্ত পিএইচপি প্রোগ্রামিং ভাষার নিরাপত্তা দুর্বলতা সংশোধনে সফটওয়্যার হালনাগাদের সঙ্গে সমস্যাটির সম্পর্ক থাকতে পারে।
সূত্র: সিএনএন

মন্তব্য
শেয়ার করুন-



























































এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।