হঠাৎ সাবেক প্রেমিকের মুখোমুখি, অস্বস্তি এড়াতে যা করবেন

15 Nov 2026, 17:21 · রুশাইদ আহমেদ

সম্পর্কের ইতি ঘটলেও অতীতের স্মৃতি সহজে মুছে যায় না। বিচ্ছেদের পর হঠাৎ কোনো রাস্তায়, রেস্তোরাঁয় কিংবা সামাজিক অনুষ্ঠানে সাবেক প্রেমিক বা প্রেমিকার সঙ্গে দেখা হয়ে যেতে পারে। এমন মুহূর্তে কেউ অপ্রস্তুত হয়ে পড়েন, কেউ পুরোনো স্মৃতির ভারে অস্বস্তি অনুভব করেন। তবে পরিস্থিতি সামলাতে আবেগের চেয়ে নিজের মানসিক স্বস্তিকে প্রাধান্য দেওয়াই জরুরি।
যুক্তরাষ্ট্রভিত্তিক অনলাইন সাময়িকী ‘মেল ম্যাগাজিন’-এ প্রকাশিত এক প্রতিবেদনে বিশেষজ্ঞরা এমন পরিস্থিতি মোকাবিলায় কয়েকটি পরামর্শ দিয়েছেন।
হঠাৎ দেখা হলে প্রথমেই স্বাভাবিক থাকার চেষ্টা করুন। সংক্ষিপ্ত শুভেচ্ছা, হালকা হাসি কিংবা মাথা নেড়ে সৌজন্য প্রকাশ করাই যথেষ্ট। দীর্ঘ কথোপকথনে জড়ানোর কোনো বাধ্যবাধকতা নেই। অস্বস্তি বোধ করলে কাজের অজুহাতে সরে যেতে পারেন অথবা পরিচিত বন্ধুর কাছে চলে যেতে পারেন।
কথা বলার সময় সম্পর্ক ভাঙার কারণ, পুরোনো বিরোধ কিংবা পারস্পরিক অভিযোগ সামনে না আনাই ভালো। সাবেক সঙ্গী এসব প্রসঙ্গ তুললেও বিনয়ের সঙ্গে জানিয়ে দিতে পারেন, এখন এ বিষয়ে কথা বলতে আগ্রহী নন।
একইভাবে নতুন সম্পর্ক, বিয়ে কিংবা ব্যক্তিগত জীবন নিয়ে কোনো প্রশ্নের উত্তর দিতেও আপনি বাধ্য নন। অস্বস্তি হলে স্পষ্টভাবে নিজের অবস্থান জানাতে পারেন।
সাক্ষাতের পর আবেগের বশে সামাজিক মাধ্যমে বার্তা পাঠানোর সিদ্ধান্ত না নেওয়াই ভালো। বরং কিছুটা সময় নিয়ে ভাবুন, যোগাযোগ পুনরায় শুরু করলে মানসিক শান্তি বজায় থাকবে কি না।
সবশেষে মনে রাখবেন, পুরোনো অনুভূতি ফিরে আসা অস্বাভাবিক নয়। নিজেকে সময় দিন, প্রয়োজনে কাছের মানুষের সঙ্গে কথা বলুন। সাবেক সঙ্গীকে স্বস্তিতে রাখার চেয়ে নিজের মানসিক শান্তি রক্ষা করাই বেশি গুরুত্বপূর্ণ।