দূইবছর পর আবারও প্রতিযোগিতামূলক রিংয়ে ফিরেছেন নড়াইলের কালিয়ার সন্তান প্রকৌশলী ও মার্শাল আর্ট অ্যাথলেট ফাহাদ আহমেদ। শুক্রবার (৪ সেপ্টেম্বর) ঢাকার মিরপুরের জিম জোনে অনুষ্ঠিত ‘Khar Nights’ প্রমোশনের কিকবক্সিং ম্যাচে অংশ নেওয়ার মধ্য দিয়ে তার এই প্রত্যাবর্তন।এর আগে ২০২৪ সালে ‘Royal Bengal Championship’-এর এমএমএ ম্যাচে জয় পেয়েছিলেন ফাহাদ। পড়াশোনা ও পেশাগত ব্যস্ততার কারণে এরপর প্রায় দুই বছর প্রতিযোগিতামূলক লড়াই থেকে দূরে ছিলেন। তবে এ সময়েও মার্শাল আর্টের অনুশীলন চালিয়ে গেছেন তিনি।ফাহাদের মার্শাল আর্টের যাত্রা শুরু ২০১৭ সালে। চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) প্রথম বর্ষের শিক্ষার্থী থাকাকালে এম এ আজিজ স্টেডিয়ামস্থ সিজেকেএস-এ উশু সান্দা প্রশিক্ষণের মাধ্যমে রিংয়ে প্রবেশ করেন। ২০১৮ সালে প্রথম কিকবক্সিং প্রতিযোগিতায় অংশ নিয়ে জয় পান। পরে এমএমএসহ বিভিন্ন কমব্যাট স্পোর্টসে যুক্ত হন।চুয়েট থেকে মেকাট্রনিক্স অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি সম্পন্ন করা ফাহাদ বর্তমানে পেশাগত জীবনের পাশাপাশি মার্শাল আর্টের চর্চা চালিয়ে যাচ্ছেন। দীর্ঘ বিরতির পর কিকবক্সিংয়ে ফেরাকে খেলোয়াড়ি জীবনের নতুন অধ্যায়ের শুরু হিসেবে দেখছেন তিনি।ফাহাদ নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার ঘড়িভাঙ্গা গ্রামের ঐতিহ্যবাহী মোল্লা পরিবারের সন্তান। তার দাদা হাজী সরোয়ার জান মোল্লা ছিলেন বড়দিয়া বাজারের পরিচিত ব্যবসায়ী ও শিল্পপতি। তার নানা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মনসুর উদ্দিন মোল্লা ছিলেন কামশিয়া গ্রামের বাসিন্দা।প্রকৌশলী পেশার পাশাপাশি মার্শাল আর্টে আরও সাফল্য অর্জন করে নিয়মিত প্রতিযোগিতায় অংশ নেওয়াই এখন ফাহাদের লক্ষ্য। খেলোয়াড়ি জীবনের সাফল্যের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।
রাজাবাড়ী ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মুঃ মোফাজ্জল হক শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ও লক্ষ্মীপূজার মণ্ডব পরিদর্শন করেছেন। এ সময় তিনি পূজামণ্ডপে উপস্থিত হিন্দু ধর্মাবলম্বী ভাই-বোনদের সাথে আন্তরিক কুশল বিনিময় করেন, তাদের সার্বিক খোঁজখবর নেন এবং পূজার আনন্দময় পরিবেশে সকলের মঙ্গল কামনা করেন।
পরিদর্শনকালে তিনি বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই এদেশের সম্প্রদায়ের অবিচ্ছেদ্য অংশ। পারস্পরিক সৌহার্দ্য, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ বজায় রেখে আমরা সবাই মিলে এলাকার উন্নয়নে কাজ করব। তিনি হিন্দু ধর্মাবলম্বী ভাইদের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং সকলের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেন। স্থানীয় পূজা কমিটির সদস্যরা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা এ সময় উপস্থিত ছিলেন। তারা চেয়ারম্যান প্রার্থী মুঃ মোফাজ্জল হকের এমন সম্প্রীতি-বন্ধনমূলক পদক্ষেপকে স্বাগত জানান এবং তার সাফল্য কামনা করেন। উল্লেখ্য, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং নির্বাচনী প্রচারণার পাশাপাশি বিভিন্ন সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করে ব্যাপক জনসংযোগ গড়ে তুলছেন।
নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার দক্ষিণ ডুমুরিয়া গ্রামে মাদকবিরোধী অভিযান চালিয়ে দুই ব্যক্তির বাড়ি থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ। এ ঘটনায় আশিক শেখ (৪০) ও অহিদুল ইসলাম শেখ (২৪) নামে দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) দিবাগত গভীর রাতে, প্রায় সাড়ে ৩টার দিকে দক্ষিণ ডুমুরিয়া গ্রামে তাঁদের নিজ নিজ বাড়িতে অভিযান চালায় নড়াগাতী থানা পুলিশ। এ সময় পৃথক দুটি বাড়িতে তল্লাশি চালিয়ে মোট ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। অভিযানের পর ঘটনাস্থল থেকেই ওই দুই ব্যক্তিকে আটক করে পুলিশ।
আটক আশিক শেখ দক্ষিণ ডুমুরিয়া গ্রামের বালা শেখের ছেলে। অপর আটক ব্যক্তি অহিদুল ইসলাম শেখ একই গ্রামের নুরুল ইসলাম শেখের ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, মাদকবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে গোপন তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। গভীর রাতে পুলিশের এমন অভিযানে এলাকায় মাদকবিরোধী তৎপরতা নিয়ে নতুন করে আলোচনা সৃষ্টি হয়েছে। নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হোসেন আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযান চালিয়ে দুই ব্যক্তির বাড়ি থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় বক্তব্য গ্রহণসহ মামলার প্রস্তুতি চলছে। পরবর্তী আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে আটক ব্যক্তিদের আদালতে পাঠানো হবে। এদিকে মাদকদ্রব্যের বিস্তার রোধে নিয়মিত অভিযান ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা অব্যাহত রাখার দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। তাঁদের মতে, মাদকের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা গেলে এলাকার তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করা সম্ভব হবে।
গোপালগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীদের মিছিল থেকে পুলিশের ওপর হামলা এবং টহলরত পুলিশের পিকআপ ভাঙচুরের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। রোববার (২৫ অক্টোবর) বিকেলে আহত পুলিশ পরিদর্শক মো. ফুল মিয়া বাদী হয়ে গোপালগঞ্জ সদর থানায় মামলাটি দায়ের করেন। মামলায় ৪০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৪০ থেকে ৫০ জনকে আসামি করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, মামলার পরপরই অভিযুক্তদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য জেলার বিভিন্ন এলাকায় অভিযান শুরু করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অভিযানে সাতজনকে গ্রেপ্তার করা হয়। পরে রোববার সন্ধ্যায় তাদের আদালতে পাঠানো হলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে ব্যবহৃত যানবাহন ভাঙচুরের ঘটনায় জড়িতদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে। এ ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারেও অভিযান অব্যাহত রয়েছে।প্রসঙ্গত, গত শনিবার (২৪ অক্টোবর) দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলার রঘুনাথপুর খেয়াঘাট এলাকায় এ হামলার ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা মিছিল নিয়ে ওই এলাকায় আসেন। এ সময় সেখানে দায়িত্ব পালনরত টহল পুলিশের সদস্যদের ওপর হামলা চালানো হয়। পাশাপাশি পুলিশের পিকআপ ভ্যানেও ভাঙচুর করা হয়। হঠাৎ এ হামলার ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এতে পুলিশের এক উপপরিদর্শকসহ দুই সদস্য আহত হন। আহতদের মধ্যে পুলিশ পরিদর্শক মো. ফুল মিয়াও রয়েছেন বলে জানা গেছে। ঘটনার পর থেকেই জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনতে তৎপরতা শুরু করে পুলিশ। এরই ধারাবাহিকতায় মামলা দায়ের এবং সাতজনকে গ্রেপ্তারের মধ্য দিয়ে তদন্ত ও আইনগত কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে। পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। বাকি অভিযুক্তদের গ্রেপ্তার না করা পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি গাজীপুরের শ্রীপুরে দিনব্যাপী বিনা মূল্যে চিকিৎসাসেবা, শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ ও গাছের চারা বিতরণ এবং ক্যানসার সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে লায়ন্স ক্লাব অব মাওনা শ্রীপুর। অক্টোবর সেবা মাস–২০২৬ উপলক্ষে শুক্রবার (২৩ অক্টোবর) উপজেলার নগর হাওলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। শুক্রবার বেলা ১১টায় আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু। অনুষ্ঠানে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিল, লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল, ডিস্ট্রিক্ট ৩১৫-এ৩ বাংলাদেশের ডিস্ট্রিক্ট গভর্নর ডা. আশাদুল্লাহ আহমেদ পিএমজেএফ এবং লায়নসের সাবেক জেলা গভর্নর এম এম এ বাশার পিডিজিসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। ‘সেবায় সুস্থতা, নেতৃত্বে প্রেরণা’—‘Serve to Heal, Lead to Inspire’ প্রতিপাদ্য সামনে রেখে আয়োজিত কর্মসূচিতে স্থানীয় মানুষের জন্য বিনা মূল্যে চিকিৎসাসেবার ব্যবস্থা করা হয়। পাশাপাশি শতাধিক শিক্ষার্থীর মধ্যে শিক্ষা উপকরণ ও গাছের চারা বিতরণ করা হয়। দিনব্যাপী এ আয়োজনের অংশ হিসেবে ক্যানসার বিষয়ে সচেতনতা তৈরির উদ্যোগও নেওয়া হয়। আয়োজকদের মতে, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া, শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করা এবং পরিবেশ সংরক্ষণে সচেতনতা বাড়ানোই এ কর্মসূচির মূল উদ্দেশ্য। মানবিক ও সামাজিক দায়বদ্ধতা থেকে লায়ন্স ক্লাব অব মাওনা শ্রীপুর দীর্ঘদিন ধরে এ ধরনের কার্যক্রম পরিচালনা করে আসছে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাবের দ্বিতীয় ভাইস ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন মো. রেফাতুল্লাহ, লায়ন সৈয়দ নাসিম আহমেদ এমজেএফ, কেবিনেট সেক্রেটারি লায়ন ইমরান সাকিব, ডিস্ট্রিক্ট জিএলটি কো-অর্ডিনেটর লায়ন মো. নুরুল আলম এমজেএফ, ডিস্ট্রিক্ট এলসিআইএফ কো-অর্ডিনেটর লায়ন রিয়াদ মাহমুদ, ডিস্ট্রিক্ট লিও লিডার লায়ন এ আর খান এবং লিও ডিস্ট্রিক্ট সদস্য লায়ন সুজা শাহজাহান। এ ছাড়া শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি ও বণিক বার্তার গাজীপুর জেলা প্রতিনিধি এস এম মাহফুল হাসান হান্নান, গাজীপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক এনামুল হক মনি, গাজীপুর ইউনিয়ন বিএনপির যুগ্ন আহবায়ক রাসেল আহমেদ, মশিউর রহমান নয়েজ, মোজাম্মেল হক, সুরুজ আহমেদ, স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতারা এবং লায়ন্স ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন। কর্মসূচির সার্বিক আয়োজন ও স্পনসরশিপে ভূমিকা রাখেন লায়ন্স ক্লাব অব মাওনা শ্রীপুরের চার্টার প্রেসিডেন্ট লায়ন মো. মাজহারুল ইসলাম, চার্টার ট্রেজারার লায়ন মো. রফিকুল ইসলাম এবং অভিভাবক লায়ন মো. ওসমান গনি সুমন। স্থানীয় উদ্যোক্তা ও ক্লাবের চার্টার প্রেসিডেন্ট লায়ন মো. মাজহারুল ইসলাম বলেন, আমাদের ক্লাব দীর্ঘদিন ধরে মানবিক ও সামাজিক সেবামূলক কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় শতাধিক শিক্ষার্থীর মধ্যে শিক্ষা উপকরণ ও গাছের চারা বিতরণ করা হয়েছে। পাশাপাশি দিনব্যাপী বিনা মূল্যে চিকিৎসাসেবার আয়োজন করা হয়েছে।
সাইটের কার্যকারিতা, পরিসংখ্যান ও প্রাসঙ্গিক বিজ্ঞাপনের জন্য আমরা কুকি ব্যবহার করি। আপনি সব কুকি গ্রহণ, ঐচ্ছিক কুকি প্রত্যাখ্যান অথবা পছন্দ নির্ধারণ করতে পারেন।
প্রয়োজনীয় কুকিনিরাপত্তা ও সাইটের মৌলিক কার্যকারিতার জন্য আবশ্যক।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।