দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক এবার পরিণয়ে রূপ নিল মার্কিন পপ তারকা মাইলি সাইরাসের। বাগদানের প্রায় এক বছর পর প্রেমিক ও সংগীতশিল্পী ম্যাক্স মোরান্ডোর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। গত শনিবার (২১ নভেম্বর) যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার পাম স্প্রিংসে ঘরোয়া আয়োজনে সম্পন্ন হয় তাঁদের বিয়ের আনুষ্ঠানিকতা।
বিনোদনভিত্তিক সাময়িকী পিপল-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ইতোমধ্যে নবদম্পতির বিয়ের কয়েকটি ছবিও প্রকাশ্যে এসেছে। অনুষ্ঠানে মাইলির মা টিশ সাইরাস, বোন নোয়া সাইরাসসহ পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুরা উপস্থিত ছিলেন। বিয়ের আনুষ্ঠানিকতার আগে অতিথিরা এক নৈশভোজেও অংশ নেন।
২০২১ সালে মাইলি ও তাঁর চেয়ে পাঁচ বছরের ছোট ম্যাক্সের সম্পর্কের সূচনা হয়। দীর্ঘ চার বছরের প্রেমের পর গত বছর বাগদান সারেন তাঁরা। ব্যক্তিগত সম্পর্কের পাশাপাশি পেশাগত জীবনেও তাঁদের রয়েছে ঘনিষ্ঠতা। মাইলির ২০২৩ সালের অ্যালবাম ‘এন্ডলেস সামার ভেকেশন’ এবং নবম অ্যালবাম ‘সামথিং বিউটিফুল’-এর প্রযোজনার সঙ্গে যুক্ত ছিলেন ম্যাক্স।
এর আগে অভিনেতা লিয়াম হেমসওয়ার্থের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন মাইলি। ২০০৯ সালে শুরু হওয়া তাঁদের সম্পর্ক ২০১৮ সালে বিয়েতে গড়ালেও ২০১৯ সালে বিচ্ছেদ ঘটে। পরের বছর সম্পন্ন হয় তাঁদের আনুষ্ঠানিক বিবাহবিচ্ছেদ।





























































এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।