পশ্চিমবঙ্গের কলকাতার ঐতিহ্যবাহী বইপাড়া কলেজ স্ট্রিটে বইয়ের স্টল বসানোকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছেন বামপন্থি ছাত্র সংগঠন স্টুডেন্টস ফেডারেশন অব ইন্ডিয়ার (এসএফআই) কর্মী-সমর্থকেরা। এ ঘটনায় প্রায় ৪০ জনকে আটক করেছে কলকাতা পুলিশ। সংঘর্ষে কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) থেকে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) পর্যন্ত কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে বইয়ের স্টল বসানোর পরিকল্পনা করেছিল এসএফআই। তবে স্টল নির্মাণে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী বাধা দেয় বলে অভিযোগ সংগঠনটির।
এর প্রতিবাদে কলেজ স্ট্রিটের প্রধান সড়কে বসেই বই বিক্রি শুরু করেন বামপন্থি কর্মীরা। একপর্যায়ে প্রায় ৪০ মিনিট সড়ক অবরোধ করে বিক্ষোভ চালালে এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অবরোধ সরানোর চেষ্টা করলে দুই পক্ষের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। পরে আন্দোলনকারীদের আটক করে প্রিজন ভ্যানে নিয়ে যায় পুলিশ।
এসএফআইয়ের দাবি, প্রয়োজনীয় অনুমতি ও নিয়ম মেনেই তারা স্টল বসানোর উদ্যোগ নিয়েছিলেন। কিন্তু সোমবার সন্ধ্যায় পুলিশ জানায়, ফুটপাত দখল করে বইয়ের স্টল বসানোর অনুমতি দেওয়া হয়নি।
সংগঠনটির পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে অভিযোগ করেন, তাদের কাছে কলকাতা পৌরসভা, লালবাজার ও স্থানীয় থানার প্রয়োজনীয় কাগজপত্র থাকা সত্ত্বেও পুলিশ বাধা দিয়েছে।
উল্লেখ্য, দুর্গাপূজার সময় পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় বামপন্থিদের বইয়ের স্টলে অগ্নিসংযোগ ও ভাঙচুরের অভিযোগ উঠেছিল। নতুন করে কলেজ স্ট্রিটের এ ঘটনা রাজনৈতিক উত্তেজনা বাড়িয়েছে।

মন্তব্য
শেয়ার করুন-


























































এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।