গ্র্যামিতে ১১ মনোনয়ন নিয়ে শীর্ষে রায়ে, মরণোত্তর স্বীকৃতি ডলির

গ্র্যামিতে ১১ মনোনয়ন নিয়ে শীর্ষে রায়ে, মরণোত্তর স্বীকৃতি ডলির
প্রিন্ট

২০২৭ সালের গ্র্যামি অ্যাওয়ার্ডসের মনোনয়ন তালিকায় সবচেয়ে বেশি আলোচনায় ব্রিটিশ গায়িকা রায়ে। ১১টি বিভাগে মনোনয়ন পেয়ে তালিকার শীর্ষে রয়েছেন তিনি। অন্যদিকে মৃত্যুর তিন মাস পরও তিনটি বিভাগে মনোনয়ন পেয়েছেন সংগীতের কিংবদন্তি ডলি পার্টন। এবারের তালিকায় আরও জায়গা করে নিয়েছেন টেলর সুইফট, ব্রুনো মার্স, আরিয়ানা গ্র্যান্ডে, রোজালিয়া, অলিভিয়া ডিন ও অলিভিয়া রদ্রিগোর মতো তারকারা।
রায়ে তাঁর সাম্প্রতিক অ্যালবাম ‘দিস মিউজিক মে কনটেইন হোপ’ এবং এর আলোচিত গান ‘হোয়্যার ইজ মাই হাজব্যান্ড!’-এর সুবাদে মনোনয়ন পেয়েছেন। গানটি বর্ষসেরা গান ও বর্ষসেরা রেকর্ড—দুই বিভাগেই প্রতিদ্বন্দ্বিতা করবে।

ডলি পার্টনের তিনটি মনোনয়নের মধ্যে দুটি সেরা কান্ট্রি ডুয়ো বা গ্রুপ পারফরম্যান্স বিভাগে। ‘বাটারফ্লাই’ গানে তাঁর সঙ্গে কাজ করেছে জ্যাক ব্রাউন ব্যান্ড। অন্য গান ‘লাইট অব আ ক্লিয়ার ব্লু মর্নিং’-এ ডলির সঙ্গে রয়েছেন তাঁর ধর্মকন্যা মাইলি সাইরাসসহ কয়েকজন শিল্পী। নিজের জীবন নিয়ে লেখা অডিওবুক ‘স্টার অব দ্য শো: মাই লাইফ অন স্টেজ’-এর বর্ণনার জন্যও মনোনয়ন পেয়েছেন তিনি। তিন মাস আগে ৮০ বছর বয়সে মারা যান এই সংগীতশিল্পী।
স্প্যানিশ গায়িকা রোজালিয়া তাঁর প্রশংসিত অ্যালবাম ‘লাক্স’-এর জন্য পেয়েছেন ৯টি মনোনয়ন। এ ছাড়া এলা ল্যাংলি পেয়েছেন সাতটি। তাঁর ‘চুজিন’ টেক্সাস’ গানটি বর্ষসেরা গানের বিভাগেও মনোনীত হয়েছে।
অন্যদিকে ২০০৫ সালের অ্যালবাম ‘কনফেশনস অন আ ডান্স ফ্লোর’-এর সিক্যুয়েল ‘কনফেশনস টু’ প্রকাশ করেও গ্র্যামির বড় চার বিভাগে মনোনয়ন পাননি ম্যাডোনা। তবে সেরা ডান্স অ্যালবাম বিভাগে জায়গা পেয়েছে তাঁর নতুন অ্যালবাম।
এবার গ্র্যামিতে যুক্ত হচ্ছে পাঁচটি নতুন বিভাগ। এর মধ্যে রয়েছে সেরা লাতিন গান ও সেরা এশিয়ান পপ সংগীত পরিবেশনা। সংগীতের বিভিন্ন ধারাকে আরও বিস্তৃতভাবে স্বীকৃতি দেওয়ার লক্ষ্যেই এ উদ্যোগ বলে জানিয়েছে আয়োজক কর্তৃপক্ষ।
এদিকে ‘মর্নিং ডিউ (ডঙ্ক)’ গানের জন্য সেরা আরঅ্যান্ডবি একক পরিবেশনা বিভাগে মনোনয়ন পেয়ে ক্যারিয়ারের ১০০তম গ্র্যামি মনোনয়নের মাইলফলক স্পর্শ করেছেন বিয়ন্সে।
২০২৫ সালের ৩১ আগস্ট থেকে ২০২৬ সালের ২৮ আগস্ট পর্যন্ত প্রকাশিত গান ও অ্যালবাম এবারের মনোনয়নের জন্য বিবেচিত হয়েছে। রেকর্ডিং অ্যাকাডেমির প্রায় ১৬ হাজার ভোটাধিকারপ্রাপ্ত সদস্য বিজয়ী নির্বাচন করবেন। আগামী ৭ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত হবে ২০২৭ সালের গ্র্যামি অ্যাওয়ার্ডস।

পাঠকের মন্তব্য

মন্তব্য সরাসরি প্রকাশিত হবে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য

শেয়ার করুন-