ইয়েমেনের অস্থায়ী রাজধানী এডেনের দিকে দ্রুত অগ্রসর হচ্ছে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বন্দরনগরীটি থেকে তাদের অবস্থান এখন মাত্র ৬০ কিলোমিটার দূরে। সম্ভাব্য হামলা ঠেকাতে শহরটির চারপাশে প্রতিরক্ষাব্যবস্থা জোরদার করছে সৌদি-সমর্থিত সরকারি বাহিনী।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন অনুযায়ী, সরকারি সেনারা এডেনের আশপাশে পরিখা খনন করছেন। পাশাপাশি বালুর বস্তা দিয়ে প্রতিরক্ষা দেয়াল ও অস্থায়ী দুর্গ নির্মাণ করা হচ্ছে। তবে হুথিদের অগ্রযাত্রা অব্যাহত থাকলে এসব প্রস্তুতি কতটা কার্যকর হবে, তা নিয়ে সংশয় রয়েছে।
ইয়েমেনের সেনাবাহিনীর চারটি এবং সরকারের দুটি উচ্চপর্যায়ের সূত্র জানিয়েছে, হুথিরা ইতিমধ্যে পার্শ্ববর্তী লাহজ প্রদেশের দুটি জেলা দখল করেছে। বর্তমানে তারা এডেন থেকে ৬০ কিলোমিটার দূরের আল-মাদারিবার আল-খারাজ সামরিক ক্যাম্পের কাছে অবস্থান করছে।
দীর্ঘদিন ধরে ইয়েমেনের মূল রাজধানী সানা হুথিদের নিয়ন্ত্রণে থাকায় আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার এডেন থেকে রাষ্ট্রীয় কার্যক্রম পরিচালনা করছে। দেশটির ভূখণ্ডের নিয়ন্ত্রণ নিয়ে সরকারি বাহিনী ও বিদ্রোহীদের মধ্যে এক যুগেরও বেশি সময় ধরে সংঘাত চলছে।
এদিকে এডেন রক্ষার কৌশলগত প্রস্তুতির অংশ হিসেবে বাব এল-মান্দেব প্রণালি ও একটি বিমানবন্দর থেকে সেনা সরিয়ে নিয়েছে সরকারি বাহিনী। হুথিদের সামরিক সূত্রের দাবি, ছেড়ে দেওয়া এলাকাগুলোর নিয়ন্ত্রণ ইতিমধ্যে তাদের হাতে চলে গেছে।

মন্তব্য
শেয়ার করুন-


























































এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।