ব্যক্তিগত বৈবাহিক অবস্থাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে চরিত্রহনন ও দীর্ঘদিন ধরে হয়রানির শিকার হচ্ছেন বলে অভিযোগ করেছেন ব্যারিস্টার রিজওয়ানা ইউসুফ। তার প্রশ্ন, বিবাহবিচ্ছেদ একজন নারীর চরিত্র নিয়ে প্রশ্ন তোলার কারণ হবে কেন? পুরুষদের বিবাহবিচ্ছেদ হলেও তাদের পরিচয়ের সঙ্গে কেন এমন তকমা জুড়ে দেওয়া হয় না?
রোববার (১৫ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব ক্ষোভের কথা জানান তিনি। ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে চট্টগ্রামে ছয়জনকে হত্যার মামলায় সাবেক সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরীর আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করছেন রিজওয়ানা।
তিনি জানান, ২০২৪ সালের সেপ্টেম্বরে ফজলে করিম গ্রেপ্তারের পর থেকে বিভিন্ন ফোন নম্বর ও ব্যক্তির মাধ্যমে তাকে নিয়মিত হয়রানি করা হচ্ছে। তাকে নিয়ে ছয়-সাতবার রঙিন ও সাদা-কালো পোস্টার তৈরি করে ঢাকা শহরের বিভিন্ন স্থানে, এমনকি জজ কোর্ট থেকে গুলশান পর্যন্ত লাগানো হয়েছে। পাশাপাশি বিভিন্ন দেশের নম্বর থেকে দিন-রাত ব্ল্যাঙ্ক কল দেওয়া হচ্ছে।
১৮ বছর আইন পেশায় থাকার পর এবারই প্রথম নারী আইনজীবী হিসেবে আলাদা করে বৈষম্যের অভিজ্ঞতা হচ্ছে বলে জানান তিনি। এসব বিষয়ে ট্রাইব্যুনাল, চিফ প্রসিকিউটর ও আইনমন্ত্রীর কাছে অভিযোগ জানিয়েছেন বলেও উল্লেখ করেন।
এদিকে, মামলাটির বিচারপ্রক্রিয়া পর্যবেক্ষণে আন্তর্জাতিক সংসদীয় সংস্থা আইপিইউর পাঠানো ফ্রান্সের আইনজীবী ও মানবাধিকারকর্মী মিস হেলেন রোববার ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন। চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম জানান, তিনি প্রসিকিউশনের কাছে বিভিন্ন বিষয়ে জানতে চেয়েছেন এবং তাদের পক্ষ থেকে ব্যাখ্যা দেওয়া হয়েছে।
মামলায় সাবেক মন্ত্রী ও সংসদ সদস্যসহ মোট ২২ জন আসামি রয়েছেন। তাদের বিরুদ্ধে ছয়জনকে হত্যা এবং শতাধিক মানুষকে গুরুতর আহত করার অভিযোগ আনা হয়েছে। গত ৩০ জুন অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরু হয়। রোববার থেকে মামলায় সাক্ষ্যগ্রহণও শুরু হয়েছে।

মন্তব্য
শেয়ার করুন-





























































এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।