ভারতের দাদাসাহেব ফালকে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২০২৬ সালের আয়োজনে ‘ইন্টারন্যাশনাল আর্টিস্ট অব দ্য ইয়ার’ সম্মাননা পেয়েছেন মার্কিন সংগীতশিল্পী টেইলর সুইফট। তবে চলচ্চিত্র জগতের বাইরে বিশ্বসংগীতের এই তারকার নাম পুরস্কারপ্রাপ্তদের তালিকায় আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে বিস্ময় ও নানা রকম রসিকতা।
গত ২০ নভেম্বর সামাজিক যোগাযোগমাধ্যমে এবারের পুরস্কারপ্রাপ্তদের নাম প্রকাশ করেন আয়োজকেরা। তাঁদের ভাষ্য, সমসাময়িক সংগীত, গান রচনা ও সরাসরি পরিবেশনায় অবদান, বিশ্বজুড়ে সাংস্কৃতিক প্রভাব এবং স্বতন্ত্র সংগীতশৈলীর স্বীকৃতি হিসেবেই সুইফটকে এ সম্মাননা দেওয়া হয়েছে।
তবে ঘোষণাটি সামনে আসতেই নেটিজেনদের একাংশ বিষয়টি নিয়ে কৌতুকপূর্ণ মন্তব্য করেন। ভারতের চলচ্চিত্রের কিংবদন্তি ব্যক্তিত্ব দাদাসাহেব ফালকের নামে আয়োজিত অনুষ্ঠানে টেইলর সুইফটের স্বীকৃতি পাওয়াকে কেন্দ্র করে অনেকে বিস্ময় প্রকাশ করেন। কেউ কেউ গ্র্যামি পুরস্কারের সঙ্গে তুলনা টেনে ব্যঙ্গাত্মক মন্তব্যও করেছেন। এমনকি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সুইফটকে বলিউডের জনপ্রিয় গান পরিবেশনের পরামর্শও দিয়েছেন একজন।
এবারের আয়োজনে আন্তর্জাতিক বিভাগে আরও কয়েকজন তারকাকে সম্মাননা দেওয়া হয়েছে। বিশ্ব চলচ্চিত্রে অবদানের জন্য নির্মাতা জেমস ক্যামেরন পেয়েছেন স্বীকৃতি। এ ছাড়া ‘সিনার্স’ সিনেমার জন্য মাইকেল বি জর্ডান, ‘হ্যামনেট’-এর জন্য জেসি বাকলি এবং ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’-এর জন্য পল থমাস অ্যান্ডারসনের নামও পুরস্কারপ্রাপ্তদের তালিকায় রয়েছে।






























































এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।