নেত্রকোনার মোহনগঞ্জে চাঁদা না দেওয়ায় এক ব্যবসায়ীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করার পর দোকান থেকে নগদ ১ লাখ ২০ হাজার টাকা লুটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দায়ের করা মামলায় আব্দুল্লাহ আল সোহান (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে মোহনগঞ্জ পৌর শহরের খাদ্যগুদামের বিপরীতে পিংকী সাইকেল স্টোরে এ হামলা ও লুটপাটের ঘটনা ঘটে। পরে রাতেই অভিযান চালিয়ে অভিযুক্ত সোহানকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে তাকে আদালতে পাঠিয়েছে পুলিশ।
গ্রেপ্তার সোহান মোহনগঞ্জ উপজেলার বড়কাশিয়া গ্রামের মৃত নূর আহম্মদের ছেলে। তিনি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহীদ ইকবালের চাচাতো ভাই বলে জানা গেছে।
আহত ব্যবসায়ী সবুজ মিয়া (৬০) পিংকী সাইকেল স্টোরের মালিক। বর্তমানে তিনি মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে সোহান কয়েকজনকে সঙ্গে নিয়ে সবুজ মিয়ার দোকানে যান। এ সময় তারা ২০ হাজার টাকা চাঁদা দাবি করেন। ব্যবসায়ী সবুজ মিয়া টাকা দিতে অস্বীকৃতি জানালে সোহান দেশীয় ধারালো অস্ত্র দিয়ে তাকে কোপাতে থাকেন। এতে তার নাকসহ শরীরের বিভিন্ন স্থানে জখম হয় এবং একপর্যায়ে তিনি অজ্ঞান হয়ে পড়েন।
অভিযোগে আরও বলা হয়, হামলার সময় দোকানে ভাঙচুর চালানো হয়। পরে দোকানের ক্যাশে থাকা নগদ ১ লাখ ২০ হাজার টাকা নিয়ে যান সোহান। আশপাশের ব্যবসায়ীরা এগিয়ে এলে হামলাকারীরা ঘটনাস্থল ছেড়ে চলে যান।
এ ঘটনায় বৃহস্পতিবার রাতেই সবুজ মিয়ার ছোট ভাই মোহাম্মদ কমল মিয়া বাদী হয়ে মোহনগঞ্জ থানায় মামলা করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে সোহানকে গ্রেপ্তার করে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শহরের খাদ্যগুদাম-সংলগ্ন সেতু পুনর্নির্মাণের সময় সরকারি জায়গায় থাকা স্থাপনা উচ্ছেদ করা হয়। ওই সময় কিছু জায়গা দখল করে সেখানে ঘর নির্মাণ করেন সোহান। পরে সেই ঘর সবুজ মিয়ার কাছে মাসিক আট হাজার টাকায় ভাড়া দেওয়া হয়। স্থানীয়দের ভাষ্য, সোহান প্রায়ই সবুজ মিয়ার কাছে টাকা চাইতেন। এ নিয়ে দুজনের মধ্যে বিরোধ চলছিল। ঘটনার দিন ভাড়ার টাকা চাওয়াকে কেন্দ্র করে প্রথমে বাগ্বিতণ্ডা হয়। পরে লোকজন নিয়ে এসে সবুজ মিয়ার ওপর হামলা চালানো হয়।
মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুল ইসলাম হারুন বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। মামলার পর বৃহস্পতিবার রাতেই অভিযুক্ত সোহানকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

























































এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।