প্রায় এক দশকের দাম্পত্য জীবনে বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসার পর এবার সম্পর্ক ও বিয়ে নিয়ে নিজের ভাবনা তুলে ধরেছেন ভারতীয় টেলিভিশন অভিনেতা গৌরব খান্না। তাঁর মতে, একটি সম্পর্কের ভিত মজবুত রাখতে ভালোবাসার পাশাপাশি স্থায়িত্ব, পারস্পরিক বোঝাপড়া ও নতুনত্বের ভারসাম্য জরুরি। সম্পর্কে নিজের সর্বোচ্চটুকু দিয়েও সব সময় প্রত্যাশিত ফল পাওয়া যায় না বলেও মন্তব্য করেছেন তিনি।
সম্প্রতি আসন্ন ধারাবাহিক ‘দিল কী বেবাফাইয়াঁ’-এর সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন গৌরব। তাঁর ভাষ্য, দাম্পত্যে নতুনত্ব ও রোমাঞ্চের প্রয়োজন থাকলেও অনেক সময় মানুষ এসবের প্রতি অতিরিক্ত গুরুত্ব দিতে গিয়ে সম্পর্কের স্থায়িত্বকে অবহেলা করেন।
জীবনের সিদ্ধান্ত নিয়ে কোনো অনুশোচনা নেই জানিয়ে অভিনেতা বলেন, প্রতিটি কাজে তিনি মনপ্রাণ ঢেলে দেন। তবে সবকিছুর পরিণতি মানুষের নিয়ন্ত্রণে থাকে না। অতীতের আক্ষেপ নিয়ে পড়ে থাকলে সামনে এগিয়ে যাওয়া কঠিন।
সম্পর্ক টিকিয়ে রাখতে সঙ্গীর অনুভূতি বোঝা এবং তাঁর পরিস্থিতি বিবেচনার ওপরও জোর দেন তিনি। কোনো আচরণে কষ্ট পেলেও তাৎক্ষণিক প্রতিক্রিয়া না দেখিয়ে সঙ্গীর কাজের চাপ কিংবা শারীরিক অসুস্থতার বিষয়টি বিবেচনা করেন বলে জানান।
উল্লেখ্য, গৌরবের স্ত্রী অভিনেত্রী আকাঙ্ক্ষা চামোলা সম্প্রতি তাঁদের দীর্ঘদিনের দাম্পত্যে ইতি টানার খবর জানিয়েছিলেন। এরপর বিচ্ছেদ নিয়ে এত দিন নীরব ছিলেন অভিনেতা।




























































এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।