বাংলাদেশসহ ১৪টি বাণিজ্য অংশীদারের পণ্যের ওপর সর্বোচ্চ ২০ শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপের প্রস্তাব তৈরি করেছে যুক্তরাষ্ট্র। অতিরিক্ত উৎপাদন ও উৎপাদন সক্ষমতা বৃদ্ধির অভিযোগে কয়েক মাসের তদন্ত শেষে বুধবার (২৫ নভেম্বর) এ প্রস্তাব সামনে এনেছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন।
ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, প্রস্তাবিত শুল্ক কার্যকর করার আগে জনমত গ্রহণের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এ সময় সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে বিদ্যমান বাণিজ্য চুক্তিও বিবেচনায় নেওয়া হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে এক জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা জানান, অভিযুক্ত দেশগুলো প্রকৃত বাজার চাহিদা ও বাজারভিত্তিক নীতির সঙ্গে সামঞ্জস্য না রেখে উৎপাদন এবং উৎপাদন সক্ষমতা বাড়াচ্ছে। এ অভিযোগের ভিত্তিতেই নতুন শুল্ক আরোপের উদ্যোগ নেওয়া হয়েছে।
বাংলাদেশ ছাড়াও সম্ভাব্য শুল্কের তালিকায় রয়েছে চীন, ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া, ইন্দোনেশিয়া, কম্বোডিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ভিয়েতনাম, তাইওয়ান, সুইজারল্যান্ড ও ইউরোপীয় ইউনিয়ন।
এর আগে গত জুলাইয়ে জোরপূর্বক শ্রম বন্ধে পর্যাপ্ত পদক্ষেপ না নেওয়ার অভিযোগে ৬০টি বাণিজ্য অংশীদারের ওপর পৃথক শুল্ক আরোপ করেছিলেন ট্রাম্প। নতুন প্রস্তাবের আওতায় কোনো দেশের ক্ষেত্রে দুই ধরনের শুল্কই প্রযোজ্য হলে হার দুটি যোগ করা হবে না। বরং যে শুল্কের হার বেশি, সেটিই কার্যকর হবে।
বাণিজ্য আইনজীবী রায়ান মাজেরুসের মতে, ট্রাম্প প্রশাসনের জন্য অতিরিক্ত উৎপাদনসংক্রান্ত এই তদন্ত অন্যতম গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তাঁর ব্যাখ্যায়, বাজারে চাহিদা না থাকলেও অতিরিক্ত উৎপাদন সক্ষমতাসম্পন্ন কারখানাগুলো উৎপাদন অব্যাহত রাখে। এতে পণ্যের অতিরিক্ত সরবরাহ ও মূল্যহ্রাসের পাশাপাশি যুক্তরাষ্ট্রের নিজস্ব উৎপাদন খাত ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়।
এদিকে, যুক্তরাষ্ট্রের এ উদ্যোগের বিরুদ্ধে চীনসহ সংশ্লিষ্ট দেশগুলো প্রতিবাদ জানাতে পারে। দীর্ঘদিন ধরেই অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য অতিরিক্ত রপ্তানির ওপর নির্ভরশীলতার অভিযোগ প্রত্যাখ্যান করে আসছে বেইজিং।
অন্যদিকে, পৃথক এক পদক্ষেপে বাণিজ্যসংক্রান্ত উদ্বেগ মোকাবিলায় নিষ্ক্রিয় থাকার অভিযোগে ব্রাজিলের পণ্যের ওপরও অতিরিক্ত শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে মার্কিন বাণিজ্য প্রতিনিধির দপ্তর।































































এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।